
চট্টগ্রামে পুলিশ সদস্য মারুফুল ইসলামকে বাসচাপার ঘটনায় এক বাসচালককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম সুজন দে (৩৮)। আজ রোববার জেলার রাউজানের ডাবুয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবসার প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে বাসচালককে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ কনস্টেবল মারুফকে বাসে চাপা দেওয়ার কথা স্বীকার করেন তিনি।
১৭ জুন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া চুনতি এলাকায় বাসচাপায় মারা যান পুলিশ কনস্টেবল মারুফুল ইসলাম। তিনি নগর পুলিশে কর্মরত ছিলেন। ছুটিতে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি চকরিয়ায় যাচ্ছিলেন। কক্সবাজার থেকে চট্টগ্রামে আসা একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় কনস্টেবল মারুফের। এ ঘটনায় তাঁর মা বাদী হয়ে মামলা করেন।