
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের ছাদ থেকে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ রোববার নগরের খুলশী এলাকায় ট্রেনের ছাদ থেকে পড়ে যান তিনি। পরে বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
তাৎক্ষণিকভাবে নিহত ওই তরুণের পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ১৯ বছর বলে জানিয়েছে পুলিশ। ওই তরুণের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা প্রথম আলোকে বলেন, নগরের ষোলোশহর থেকে বটতলী রেলস্টেশনের দিকে যাচ্ছিল শাটল ট্রেনটি। পথে ঝাউলতা অতিক্রম করার পর ওই তরুণ ছাদ থেকে নিচে পড়ে যান। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে।
উদ্ধারকাজে যুক্ত ছিলেন খুলশী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজেশ বড়ুয়া। তিনি প্রথম আলোকে বলেন, ট্রেন থেকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই তরুণের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পা দুটিসহ তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে অস্ত্রোপচারের আগেই মারা যান তিনি।
দুর্ঘটনার বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানান এএসআই রাজেশ বড়ুয়া। এ নিয়ে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, নিহত ব্যক্তির পরিচয় বের করার চেষ্টা করছেন তাঁরা।