পূজামণ্ডপে হামলা

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ ঐক্য পরিষদ ও পূজা পরিষদের

সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে শাহবাগে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মানববন্ধন করে।
ফাইল ছবি

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের পূজামণ্ডপে হামলা নিয়ে মিথ্যা প্রচারণা হয় এবং সরকারি পৃষ্ঠপোষকতায় ৩৩ হাজার পূজামণ্ডপ তৈরি করা হয়েছে—পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ

আজ রোববার ঐক্য পরিষদের সভাপতি ঊষাতন তালুকদার, অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ এবং পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক ও সাধারণ সম্পাদক চন্দ্রনাথ পোদ্দার যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, ‘পররাষ্ট্রমন্ত্রী জেনেশুনে প্রকৃত সত্যের অপলাপ করেছেন ও শাক দিয়ে মাছ ঢাকার নিষ্ফল চেষ্টা করেছেন। প্রকৃত অর্থে পঁচাত্তর-পরবর্তী সময় থেকে বিভিন্ন সময়ে এ দেশে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠী, বিশেষভাবে হিন্দু সম্প্রদায় ও তাদের উপাসনালয় আক্রান্ত হয়ে চলেছে। যার বস্তুনিষ্ঠ সংবাদ বিভিন্ন গণমাধ্যমে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হয়ে আসছে। প্রকৃত ঘটনা এর চেয়েও অনেক বেশি।’

বিবৃতিতে বলা হয়, ২২ জুন দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন ও পূজামণ্ডপে হামলা ও ভাঙচুর নিয়ে মিথ্যা প্রচারণা হয়। আর সরকারি পৃষ্ঠপোষকতায় এ বছর প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপ তৈরি করা হয়েছে।
মিথ্যাচারের অভিযোগ তুলে পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে বিবৃতিতে ঐক্য পরিষদ ও পূজা পরিষদের নেতারা বলেন, গত বছর শারদীয় দুর্গাপূজার সময় দেশে ২৬টি জেলায় পূজামণ্ডপে হামলার কথা সম্পূর্ণ অস্বীকার করায় পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সারা দেশে ‘ধিক্কার মিছিল’ করেছিল হিন্দু সম্প্রদায়।

বিবৃতিতে বলা হয়, ‘তারপরও তাঁর (পররাষ্ট্রমন্ত্রী) এই মিথ্যাচারে দেশের ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় নিদারুণভাবে ক্ষুব্ধ। একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য “সরকারি পৃষ্ঠপোষকতায় এ বছর ৩৩ হাজার পূজামণ্ডপ তৈরি করা হয়েছে” এটিও সত্যের অপলাপ। বাংলাদেশে প্রতিটি পূজামণ্ডপ ও পূজার সার্বিক আয়োজন উদ্যোক্তারা তাঁদের নিজস্ব অর্থায়নে করে থাকেন।’