বিদ্যুতের খুঁটির সঙ্গে গাড়ির ধাক্কা, প্রাণ গেল শিশুসহ ৩ জনের

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ঢাকার নবাবগঞ্জ এলাকায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ বলছে, কুয়েতফেরত এক ব্যক্তিকে বাড়িতে নিয়ে যেতে ঢাকার নবাবগঞ্জ থেকে তাঁর স্বজনেরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিলেন। বিমানবন্দর থেকে গাড়ি নিয়ে ফেরার পথে নবাবগঞ্জ বান্দুরা সড়কের প্যারাগন হাসপাতালের সামনে দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা।

নিহত ব্যক্তিরা হলেন আবুল কাশেম খান (৬২), তাঁর চাচাতো ভাই মনির খান বিল্লাল (৫২) ও তাঁদের ৮ বছর বয়সী নাতনি। আহত ব্যক্তিরা হলেন লাভলু মিয়া (৩৮), তাঁর স্ত্রী রেখা খান (২৩) ও ফাহিমা (৫)।

ঘটনাস্থলে আবুল কাশেম খান ও নাতনি নিহত হন। গুরুতর আহত মনির খানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আবুল কাশেমের ভাই রাশেদ খান বলেন, ভাতিজির স্বামী লাভলু কুয়েত থেকে দেশে ফিরেছেন। বিমানবন্দর থেকে তাঁকে নিয়েই বাড়িতে ফিরছিলেন আত্মীয়রা।
মনির খানের মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. আবদুল খান। বাকি তিনজন চিকিৎসাধীন। গাড়িতে চালকসহ ছয়জন ছিলেন।