রেশন কার্ড করার ক্ষেত্রে দলীয় পরিচয় বিবেচনা করা যাবে না: তথ্যমন্ত্রী

হাছান মাহমুদ। প্রথম আলো ফাইল ছবি
হাছান মাহমুদ। প্রথম আলো ফাইল ছবি

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, রেশন কার্ড করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এতে কোনো দলীয় পরিচয় বিবেচনা করা যাবে না। যাঁদের প্রয়োজন, তাঁদেরই কার্ড দেওয়া হবে। এই তালিকা করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে। একজনও অভাবে থাকুক, সরকার তা চায় না। 

আজ শুক্রবার দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা সদরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিনিধি ও সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে ত্রাণ বিতরণসহ নানা বিষয়ে আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। এরপর তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গেও একই বিষয়ে মতবিনিময় সভা করেন।

সমন্বয় সভায় তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগের কড়া সমালোচক এবং কোনো সময় আওয়ামী লীগকে ভোটও দেননি, এই রকম ব্যক্তি যদি প্রকৃতপক্ষে হতদরিদ্র ও অভাবী হন, তাহলে তাঁর নামও প্রধানমন্ত্রী ঘোষিত নতুন ৫০ লাখ রেশন কার্ডে অন্তর্ভুক্ত করতে হবে।

সরকারি দল হিসেবে নেতা-কর্মীদের দায়দায়িত্ব বেশি বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বর্তমানে একটি মাস দেশের সবকিছু বন্ধ। তার পরও আল্লাহর রহমত ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োচিত পদক্ষেপের কারণে এখনো পর্যন্ত একজন মানুষও না খেয়ে মৃত্যুবরণ করেনি। সুতরাং কেউ যেন না খেয়ে না থাকে সেদিকে আমাদের দৃষ্টিপাত করতে হবে।’

উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল মোনাফ সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল আলম তালুকদারের সঞ্চালনায় সভায় রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মো. আসলাম খাঁন, জেলা আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম তালুকদার, চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হারুন, দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও দলীয় নেতারা বক্তব্য দেন।

হাছান মাহমুদ বলেন, রাঙ্গুনিয়ায় কৃষক লীগ এবং স্বেচ্ছাসেবক লীগ ইতিমধ্যে দরিদ্র কৃষকের ধান কেটে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রত্যেক ইউনিয়নের যেখানে প্রয়োজন সেখানে তারা ধান কেটে দেওয়ার ক্ষেত্রে সহায়তা করবে।

এরপর তথ্যমন্ত্রী হাছান মাহমুদ রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের সঙ্গে কোভিড-১৯ মোকাবিলায় প্রস্তুতি ও ত্রাণ বিতরণসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় সভা করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, রাঙ্গুনিয়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চাকমা উপস্থিত ছিলেন।