
ঢাকার সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজের গ্রেগরিয়ান সায়েন্স ক্লাবের ১৩তম বিজ্ঞান উৎসবে বিভিন্ন বিষয়ে বিজয়ী ৩৭১ জনকে পুরস্কৃত করা হয়েছে। এর মধ্য দিয়ে গত শনিবার উৎসবটি শেষ হয়েছে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শেষ দিনে পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের রেজিস্ট্রার গ্রেগরিয়ান অধ্যাপক ইফফাত কায়েস চৌধুরী।
ইফফাত কায়েস চৌধুরী ৪২ বছর আগে স্কুলটিতে পড়ার কথা স্মরণ করে বলেন, সেই সময়েও তাঁরা বিজ্ঞান মেলার জন্য নিজেদের প্রস্তুত করতেন, অংশ নিতেন, যা পরবর্তী জীবনে এগিয়ে যেতে সাহায্য করেছে। তিনি আশা করেন, সপ্তাহ ধরে শিক্ষার্থীদের বিজ্ঞান মেলায় অংশগ্রহণ তাদের উৎসাহ জোগাবে।
উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি গ্রুপের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর জাফর উদ্দিন সিদ্দিকি এবং প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান।
‘বিজ্ঞানমনস্ক মানবজাতি, রুখবে ভবিষ্যৎ অতিমারি’ প্রতিপাদ্য নিয়ে গত ১৮ জুন এই উৎসবের সূচনা হয়। উৎসবের ইভেন্টগুলোর মধ্যে ছিল সাতটি বিষয়ের অলিম্পিয়াড, দুটি ক্যাটাগরির সায়েন্স প্রজেক্ট ডিসপ্লে, বিজ্ঞানভিত্তিক ওয়াল ম্যাগাজিন কমপিটিশন ও সায়েন্স ফিকশন মুভি প্রদর্শন।
উৎসবে অংশগ্রহণকারী দলগুলো পাঁচটি গ্রুপে প্রতিযোগিতায় অংশ নেয়। ১৭৫টি বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন করা হয়। পাশাপাশি প্রায় ৩৫টি দেয়াল পত্রিকা প্রদর্শিত হয়।
উৎসবে নটর ডেম কলেজ, কবি নজরুল কলেজ, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, রিভারভিউ ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা কলেজিয়েট স্কুল, ঢাকা সেন্ট্রাল গার্লস হাই স্কুলসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মেলার প্রধান পৃষ্ঠপোষক ছিল তীর এবং সহযোগিতা করেছে প্রথম আলো।