
আট বছর বয়সী খোরশেদ আলম গত ২২ মার্চ বাসা থেকে বের হয়। এর পর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। অবশেষে তিন মাস পর খোরশেদকে খুঁজে বের করে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। ঘটনাটি চট্টগ্রাম নগরের।
খোরশেদের মা মোর্শেদা বেগম। পেশায় গৃহকর্মী। আজ রোববার তাঁর হাতে সন্তানকে তুলে দেওয়া হয়। এর আগে গতকাল শনিবার রাতে নগরের কোতোয়ালি থানার ফলমণ্ডি এলাকায় খোরশেদের খোঁজ পায় পুলিশ।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস জাহান প্রথম আলোকে বলেন, মোর্শেদা বেগম নগরের চকবাজার লালচাঁদ রোড এলাকার আনোয়ার কলোনিতে থাকেন। গত ২২ মার্চ সন্তান নিখোঁজের পর থানায় সাধারণ ডায়েরি করেছিলেন তিনি।
শিশুটিকে খুঁজে বের করতে দেশের প্রতিটি থানায় বার্তা দেওয়াসহ নানা ব্যবস্থা নেওয়া হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা। পরে শনিবার ফলমণ্ডিতে একটি শিশু আছে—এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়। সেখানেই খোরশেদকে পাওয়া যায়।
এদিকে সন্তানকে ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান মা মোর্শেদা বেগম। প্রথম আলোকে বলেন, এত দিন তাঁর বুক খালি ছিল। ছেলেকে ফিরে পেয়ে এখন অনেক খুশি।