জুরাইনে ট্রাফিক পুলিশের ওপর হামলা মামলায় জামিন পেলেন এক আইনজীবী

ফাইল ছবি
ফাইল ছবি

ঢাকার জুরাইনে পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় ইয়াসিন আরাফাত ভূঁইয়া নামের এক আইনজীবীর জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ মঙ্গলবার এই আদেশ দেন।

প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপকমিশনার (ডিসি) জাফর হোসেন।

৭ জুন সকালে স্ত্রীকে মোটরসাইকেলে নিয়ে বের হন সোহাকুল। তাঁর স্ত্রীর মাথায় হেলমেট না থাকায় জুরাইন সিগন্যালে তাঁদের আটকান ট্রাফিক পুলিশের সদস্যরা। দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ইয়াছিন জাহান পুলিশের বিরুদ্ধে তাঁর গায়ে হাত তোলার অভিযোগ করেন। এরপর স্থানীয় লোকজন জড়ো হয়ে পুলিশের ওপর হামলা চালায়। সেই হামলায় ইয়াসিন আরাফাত ভূঁইয়াও অংশ নিয়েছিলেন। এই ঘটনায় একজন ট্রাফিক সার্জেন্টসহ তিন পুলিশ সদস্য আহত হন।

সেদিন রাতে পুলিশ সোহাকুল ও তাঁর স্ত্রী ইয়াছিন জাহান এবং ইয়াসিন আরাফাত ভূঁইয়াসহ তিনজনের নাম উল্লেখ করে শ্যামপুর থানায় মামলা করে। পরে পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোহাকুল ও তাঁর স্ত্রী ইয়াছিন এবং ইয়াসিন আরাফাত ভূঁইয়া, শরিফ, নাহিদ ও রাসেলকে গ্রেপ্তার করে। ৮ জুন ইয়াছিন জাহান জামিন পান। আর বাকিদের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।