নর্দান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস
নর্দান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস

নর্দান বিশ্ববিদ্যালয়ে দুর্বৃত্তদের হামলা, আটক ২

রাজধানী দক্ষিণখানের কাওলা এলাকায় নর্দান বিশ্ববিদ্যালয়ে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সাড়ে ৯টায় নর্দান বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের একদল দুর্বৃত্ত মারধর করে। এরপর দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে জোরপূর্বক ক্যাম্পাসে প্রবেশ করে এবং ভাঙচুর চালায়। ঘটনার সময় সেখানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লুৎফর রহমান সানি ও বোরহান উদ্দিন নামে দুজনকে আটক করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ ছুটে আসে। সেনাবাহিনীর সদস্যদের আসার খবর পেয়ে অন্য দুর্বৃত্তরা পালিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, একসময় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডে ছিলেন এমন দু-একজন ব্যক্তি হামলাকারীদের পাঠিয়েছেন। বর্তমানে তাঁরা ট্রাস্টি বোর্ডে নেই। কিন্তু দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তাঁরা বিশ্ববিদ্যালয় জোরপূর্বক দখলে নিতে হামলাকারীদের পাঠিয়েছেন।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তায়েফুর রহমান প্রথম আলোকে বলেন, হামলার ঘটনায় একটা মামলা হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।