খুলনার চার হাসপাতালে করোনায় ছয়জনের মৃত্যু

করোনায় মৃত্যু
ফাইল ছবি

খুলনা মহানগরের পাঁচটি করোনা হাসপাতালের মধ্যে চারটিতে গত ২৪ ঘণ্টায় ছয়জন করোনায় মারা গেছেন। এর আগের দিন নগরীর চারটি হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে টানা চার দিন হাসপাতালগুলোতে মৃত্যুর সংখ্যা দুই অঙ্কের নিচে থাকল। জেলা সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে।

গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত এই ছয়জনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন করে এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ২০০ শয্যা করোনা ডেডিকেটেড হাসপাতাল ও ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর (জেনারেল) হাসপাতালে ১ জন করে আছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৮২৮ জনের নমুনা পরীক্ষা করে ১৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০ দশমিক ৪১। চার দিন ধরে শনাক্ত ২৫ শতাংশের নিচে রয়েছে।

নগরীর করোনা হাসপাতালগুলোতে রোগী ভর্তির তথ্য থেকে জানা গেছে, আজ সকাল পর্যন্ত ২০০ শয্যা ডেডিকেটেড করোনা হাসপাতালে ১২০ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে করোনায় আক্রান্ত ৪০ জন ও করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগী ৪৭ জন। এ ছাড়া ওই হাসপাতালের ২০ শয্যার এইচডিইউতে ১৩ জন রোগী ভর্তি আছেন। অন্যদিকে ২০ শয্যার আইসিইউতে কোনো শয্যা খালি নেই।

এদিকে ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর (জেনারেল) হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটে বর্তমানে ৪৫ জন করোনায় আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে নতুন করে ৪ জন করোনা রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া ছাড়পত্র নিয়েছেন তিনজন।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ১০টি আইসিইউসহ ৪৫ শয্যার করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি রয়েছেন ৪১ জন। তবে কোনো আইসিইউ শয্যা খালি নেই বলে জানা গেছে। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জন করোনা রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়েছেন ৬ জন।

বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫০ শয্যার করোনা ইউনিটে ৬২ জন রোগী ভর্তি আছেন। গত এক দিনে নতুন আটজন ভর্তি হয়েছেন এবং পাঁচজন ছাড়পত্র নিয়েছেন। এ ছাড়া খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৯০ শয্যার বিপরীতে ৬৩ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে নতুন ১০ জন ভর্তি হয়েছেন ও ১৪ জন সুস্থ হয়েছেন।