
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় ৭১৬ জনের মৃত্যু হলো। এদিকে গত এক দিনে বিভাগে নতুন করে ৮৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ সোমবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত বিভাগে মোট ১ হাজার ৯৫৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্ত ৪৩ দশমিক ৬৫ শতাংশ। নতুন শনাক্তের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৪৭৯ জন রয়েছেন। এ ছাড়া সুনামগঞ্জে ১০৭ জন, হবিগঞ্জে ৭৭ জন ও মৌলভীবাজারে ১৯০ জন শনাক্ত হয়েছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সিলেট জেলায় ১০ জন, হবিগঞ্জে ২ জন এবং সুনামগঞ্জ ও মৌলভীবাজারে ১ জন করে রয়েছেন।
গতকাল রোববার বিভাগে এক দিনে সর্বোচ্চ ৯৯৬ জন শনাক্তের রেকর্ড করা হয়েছিল। বিভাগে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৪১ হাজার ৩০৫। এর মধ্যে সর্বোচ্চ ২৫ হাজার ৮১৫ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৪ হাজার ৮১৮ জন, হবিগঞ্জের ৪ হাজার ৯২৩ জন ও মৌলভীবাজারের ৫ হাজার ৭৪৯ জন রয়েছেন।
এদিকে মৃত্যুর হিসাবেও বিভাগের মধ্যে সিলেট জেলা শীর্ষে রয়েছে। বিভাগে এখন পর্যন্ত মারা যাওয়া ৭১৬ জনের মধ্যে সিলেট জেলার ৫৭১ জন রয়েছেন। এ ছাড়া সুনামগঞ্জে ৫২ জন, হবিগঞ্জে ৩২ জন ও মৌলভীবাজারে ৬১ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৬৮ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৪২ জন, সুনামগঞ্জে ৪৩ জন, হবিগঞ্জে ৪২ জন ও মৌলভীবাজারে ১৩৯ জন রয়েছেন। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৩১ হাজার ৩১১।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় জানান, বিভাগে করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪২২। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ২৯৯ জন চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া সুনামগঞ্জে ৬৪ জন, হবিগঞ্জে ৩৮ জন ও মৌলভীবাজারে ২১ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।