
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর নাম রমজান আলী (৩৭)।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের যুবক কলোনিতে এ ঘটনা ঘটে।
রমজান আলী চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামের বাদশা ফকিরের ছেলে এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পাঠাগার সম্পাদক।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত আটটার দিকে চরপাথরঘাটা ইউনিয়নের যুবক কলোনিতে কয়েকজনের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন রমজান আলী। একপর্যায়ে আড্ডাস্থল থেকে উঠতে গেলে হঠাৎ চার-পাঁচজন দুর্বৃত্ত এসে তাঁর পেটে ছুরিকাঘাত করে চলে যায়।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এর আগে বুধবার চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ খুনের পেছনে ইউপি নির্বাচনে বিরোধিতার কোনো কারণ রয়েছে কি না, তা জানাতে পারেননি ঘটনার প্রত্যক্ষদর্শী ও রমজানের চাচাতো ভাই মো. সেলিম।
তিনি বলেন, ‘আমরা আড্ডা দিচ্ছিলাম। ওই সময় চার–পাঁচজন লোক এসে রমজানকে ছুরিকাঘাত করে চলে যায়। আমরা হাসপাতালে নিয়ে এলেও তাঁকে বাঁচাতে পারিনি।’
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাচ্ছি। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’