
টাঙ্গাইলের সখীপুরের একটি বাড়িতে মাস ছয়েক আগে দুটি ছানা প্রসব করে মারা যায় একটি বিড়াল। মায়ের দুধের অভাবে কিছুদিন পর একটি ছানা মারা যায়। একই সময়ে ওই বাড়ির পোষা কুকুরও বাচ্চা প্রসব করে। পর্যায়ক্রমে শিয়ালের হামলায় প্রাণ হারায় কুকুরের বাচ্চাগুলো। সন্তানহারা হয়ে যায় কুকুরটিও। অবশেষে মা হারানো বিড়ালছানাটির আশ্রয় মেলে সন্তান হারানো মা কুকুরের কাছে। ওই মা কুকুরের দুধ খেয়েই এখন বড় হচ্ছে বিড়ালছানাটি।
উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আশিস বর্মণের বাড়িতে এমন ঘটনা ঘটেছে। আশিস পেশায় একজন পল্লিচিকিৎসক। আশিস কুমার বর্মণ বলেন, ‘প্রথমে পরিবারের কেউই বিষয়টি বুঝতে পারিনি। হঠাৎ একদিন দেখলাম, গোয়ালঘরে বিড়ালটি কুকুরের দুধ খাচ্ছে। বিষয়টি দেখে আশ্চর্য হলাম। বাড়ির অন্য সদস্যদের দেখাতে শব্দ করে ডাক দেওয়ায় বিড়ালটি দুধ খাওয়া ছেড়ে চলে যায়। পরে আমাদের বাড়ির অন্য সদস্যরা এ ঘটনাটি একাধিকবার দেখেছেন।’
বিষয়টি এলাকায় জানাজানি হলে বিড়াল-কুকুরের মধ্যে ভালোবাসা দেখতে এলাকার লোকজন প্রায় প্রতিদিনই আশিসের বাড়িতে ভিড় করছেন। আজ সোমবার বিকেলে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির উঠানের দুই প্রান্তে আলাদাভাবে কুকুর ও বিড়াল দুটি বসে আছে। সে সময়ও ওই বাড়িতে তিনজন দর্শনার্থী উপস্থিত ছিলেন।
বাড়ির লোকজন জানান, সাধারণত সকালের দিকে কুকুরটি বিড়ালকে দুধ খাওয়ায়। বাড়িতে বেশি লোকজনের উপস্থিতি দেখে কুকুর ও বিড়াল দুটি আলাদাভাবে বসে আছে। এ সময় তাঁরা বিড়ালকে কুকুরের দুধ খাওয়ানোর দৃশ্যের আগের ধারণ করা ভিডিও দেখান।
প্রতিবেশীদের মধ্যেও অনেকই বিরল এই দৃশ্য দেখে ভিডিও করে রেখেছেন বলে জানান ওই বাড়ির লোকজন। প্রতিবেশী আশিক বর্মণ জানান, বিড়ালকে দুধ খাওয়ানোর দৃশ্য তিনিও একাধিকবার দেখেছেন।
কাঁকড়াজান ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য দেলোয়ার হোসেন বলেন, ‘প্রথমে আমিও বিশ্বাস করিনি। পরে ওই বাড়িতে গিয়ে একদিন এ দৃশ্য দেখে বিশ্বাস করেছি। কুকুরটি পরম আদরে বিড়ালের বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। বিড়াল হয়তো ভাবছে, এটাই তার মা আর কুকুর ভাবছে, এটাই তার বাচ্চা।’
কাঁকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম আজ দুপুরে প্রথম আলোকে বলেন, তিনি আজ সকালে বিষয়টি শুনেছেন। স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করেছেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল জলিল প্রথম আলোকে বলেন, এতে অবাক হওয়ার কিছু নেই। এটা এক প্রাণীর সঙ্গে অন্য প্রাণীর ভালোবাসামাত্র। এটা হতেই পারে। তবে কুকুরের দুধ বিড়াল খেলে কোনো ক্ষতি হবে কি না—এ বিষয়ে কোনো তথ্য–প্রমাণ নেই। তবে কয়েক মাস ধরে কুকুরের দুধ খেয়ে যেহেতু বিড়ালটি সুস্থ আছে, তাই কোনো সমস্যা হওয়ার আশঙ্কা নেই।