খুলনা বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ৯৫ হাজার ছাড়াল

করোনাভাইরাসের প্রতীকী ছবি
করোনাভাইরাসের প্রতীকী ছবি

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ২৬ জন মারা গেছেন। এই সময়ে নতুন করে ১ হাজার ৩৭৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে শনাক্তের সংখ্যা ৯৫ হাজার ছাড়াল। এ সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৩৯৯ জন। নমুনা পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ২৭ শতাংশের বেশি।

আজ সোমবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, গতকাল রোববার করোনায় আক্রান্ত ৪০ জনের মৃত্যু হয়েছিল। ৮৮০ জনের করোনা শনাক্ত হয়েছিল। গতকালের চেয়ে নমুনা পরীক্ষা বেশি হয়েছে সোমবার। এ সময় মৃত্যুর সংখ্যা কমলেও শনাক্তের সংখ্যা বেড়েছে।

খুলনা বিভাগে গত বছরের ১৯ মার্চ প্রথম করোনা শনাক্তের পর ৩ জুলাই রোগীর সংখ্যা ৫ হাজার অতিক্রম করে। ২৩ জুলাই শনাক্তের সংখ্যা ১০ হাজার, ১২ আগস্ট রোগী ১৫ হাজার ছাড়ায়। এরপর চলতি বছরের ১ জানুয়ারি রোগী ২৫ হাজার, ৩ জুন ৩৫ হাজার, ২০ জুন ৪৫ হাজার এবং ২৫ জুন ৫০ হাজার, ১৪ জুলাই ৭৫ হাজার, ২২ জুলাই ৮৫ হাজার আর ২৮ জুলাই রোগী ৯০ হাজার ছাড়ায়।

গত ২৪ ঘণ্টায় মোট ৪ হাজার ৯৬৯টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৩৭৩ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৭ দশমিক ৬৩। আগের ২৪ ঘণ্টার চেয়ে ১ হাজার ৬৬৬টি নমুনা বেশি পরীক্ষা হয়েছে। আগের দিন শনাক্তের হার ছিল ২৬ দশমিক ৬৪ শতাংশ।

বিভাগের জেলাগুলোর মধ্যে আজ শনাক্তের সর্বোচ্চ হার কুষ্টিয়ায়, ৪২ দশমিক ৬৭। আর শনাক্তের সর্বনিম্ন হার চুয়াডাঙ্গায়, ১৭ দশমিক ১২। খুলনা জেলায় শনাক্তের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ ৪৮০ জন কুষ্টিয়ার। এ ছাড়া ঝিনাইদহে ১৯৪, খুলনায় ১৬৯, যশোরে ১৫৫, চুয়াডাঙ্গায় ৫৭, সাতক্ষীরায় ৭২, বাগেরহাটে ৭০, মাগুরায় ৫৯, মেহেরপুরে ৭০ এবং নড়াইলে ৪৭ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।

বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৯৫ হাজার ১৮৫ জনের। শনাক্ত বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এ জেলায় এখন পর্যন্ত ২৪ হাজার ১৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া যশোরে ১৮ হাজার ৯৮১ জনের এবং কুষ্টিয়ায় ১৪ হাজার ৮৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ৪৫৪। মৃত্যুর হার ২ দশমিক ৫৮। করোনায় মারা যাওয়া সর্বশেষ ২৬ জনের মধ্যে কুষ্টিয়ায় ও খুলনায় ৭ জন করে; যশোরে ও মেহেরপুরে ৩ জন করে; মাগুরা ও ঝিনাইদহে ২ জন করে; বাগেরহাটে ও চুয়াডাঙ্গায় ১ জন করে রয়েছেন।

বিভাগে খুলনা জেলায় করোনায় সর্বোচ্চ ৬৩৬ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায় ৫৭৬ জনের। এ ছাড়া যশোরে ৩৫৪, ঝিনাইদহে ২০৯, চুয়াডাঙ্গায় ১৬৪, মেহেরপুরে ১৪০, বাগেরহাটে ১২৭, নড়াইলে ৯৪, সাতক্ষীরায় ৮৫ ও মাগুরায় ৬৯ জন মারা গেছেন।