
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দের মকবুলের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী। অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন ফরিদপুর সদর উপজেলার পশ্চিম খাবাশপুর হারোকান্দি এলাকার রনি খাঁ (৩২), শরীয়তপুরের রায়পুর পালং থানার সুমন তালুকদার (৩৫)। আহত ব্যক্তি হলেন ফরিদপুর নগরকান্দা এলাকার মো. স্বপন (৩৫)।
নিহত রনি খাঁর পরিবার ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, রনি খাঁ ফরিদপুর শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় একটি দোকানে মোটরসাইকেলের যন্ত্রাংশ মেরামতের কাজ করতেন। দিনের বেলায় কাজ শেষে সন্ধ্যার পর গোয়ালন্দের দৌলতদিয়া থেকে মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন। শনিবার রাত ১০টার দিকে দৌলতদিয়া থেকে দুই যাত্রী নিয়ে নগরকান্দা ও শরীয়তপুরে যাচ্ছিলেন তিনি। রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মকবুলের দোকানসংলগ্ন এলাকায় পৌঁছালে দৌলতদিয়া ঘাটগামী দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিন মোটরসাইকেল আরোহী চলন্ত ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে উপস্থিত হয় গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও আহ্লাদিপুর হাইওয়ে থানা-পুলিশ। ফায়ার সার্ভিসের লোকজন গুরুতর আহত মো. স্বপনকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গোয়ালন্দ মোড় আহ্লাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বলেন, মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। আহত ব্যক্তিকে ফরিদপুর থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটির চালক ও সহকারী পালিয়ে গেছেন। ঘটনাস্থল থেকে ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিবারের আবেদনের ভিত্তিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।