জামালপুরে আরও ৭৩ জনের করোনা শনাক্ত

করোনার নমুনা সংগ্রহ করা হচ্ছে
ফাইল ছবি

জামালপুরে গত ২৪ ঘণ্টায় ২৯৬ জনের নমুনা পরীক্ষা করে ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৪ দশমিক ৬৬। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা ৪ হাজার ৪০১ ও মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪। আজ সকালে সিভিল সার্জন প্রণয় কান্তি দাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকাল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত নতুন করোনা শনাক্ত হয়েছে ৭৩ জনের। এর মধ্যে সদর উপজেলায় ৩৫ জন, মেলান্দহে ৭ জন, মাদারগঞ্জে ৩ জন, ইসলামপুরে ৩ জন, সরিষাবাড়ীতে ৮ জন, দেওয়ানগঞ্জে ৪ জন ও বকশীগঞ্জ উপজেলায় ১৩ জন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৪০১।

জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৮৪ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৫৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৩ জন। জেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ৩২ হাজার ৮৫৬টি।

জামালপুরের সিভিল সার্জন প্রণয় কান্তি দাস বলেন, কঠোর বিধিনিষেধের মধ্যেও জেলায় করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। তবে গত কয়েক দিন শনাক্ত কিছুটা কম ছিল। গত ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা বেড়েছে। ঈদে বহু মানুষ বাইরে থেকে জেলায় প্রবেশ করেছেন। তাঁদের মধ্যে বেশির ভাগ স্বাস্থ্যবিধি পালনে উদাসীন ছিলেন। ফলে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্য বিভাগ স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে। কিন্তু সাধারণ মানুষকেও নিজে থেকে স্বাস্থ্যবিধি পালনের চেষ্টা করতে হবে।