
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছেলেসন্তানের জন্মের পরপরই মা রেখে চলে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গতকাল রাত ৯টার দিকে হাসপাতালে ভর্তি হন অর্চনা বড়ুয়া (২৩) নামের এক নারী। আধা ঘণ্টা পর তিনি ছেলেসন্তানের জন্ম দেন। কর্তব্যরত নার্স ও আয়ারা পোশাক পরিবর্তন করতে গেলে গতকাল রাত ১০টার দিকে ওই নারী হাসপাতাল থেকে চলে যান। ওই নারীকে নিয়ে আসা স্বজনদেরও আর হাসপাতালে দেখা যায়নি।
হাসপাতালের নথিতে অর্চনা বড়ুয়ার স্বামী হিসেবে সুবোধ বড়ুয়ার নাম লেখা হয়েছে। ঠিকানা লেখা হয়েছে জলদী।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিউর রহমান মজুমদার আজ সোমবার বলেন, নবজাতকটি এখন হাসপাতালে আছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অনেকে নবজাতককে দত্তক নিতে চাইছেন। আদালতের মাধ্যমে নবজাতককে দত্তক দেওয়ার উদ্যোগ নেবে সমাজসেবা কার্যালয়।