
বিমানবন্দর থেকে কুয়েতপ্রবাসী জামাতাকে নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে শিশুসহ তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। আজ রোববার ভোর সাড়ে চারটার দিকে ঢাকা-বান্দুরা সড়কে নবাবগঞ্জের প্যারাগন হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন আবুল কাসেম (৬৫), তাঁর নাতনি ফারহানা আক্তার (৮) ও গাড়িচালক মনির খান ওরফে বিল্লাল (৫৪)। আহত ব্যক্তিরা হলেন নিহত আবুল কাসেমের জামাতা প্রবাসী লাভলু মিয়া (৩২), তাঁর স্ত্রী রেখা বেগম (২০) ও রেখার বড় বোনের মেয়ে ফাহিমা আক্তার (৫)। তাঁরা সবাই ঢাকার দোহার উপজেলার রাইপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দোহার উপজেলার রাইপাড়া গ্রামের আবুল কাসেম তাঁর নিজের গাড়িতে করে মেয়ে রেখা, দুই নাতনি ফারহানা ও ফাহিমাকে নিয়ে জামাতাকে আনতে যান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জামাতা লাভলুকে নিয়ে বাড়িতে ফিরছিলেন। পথে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িতে থাকা সবাই আহত হন।
এলাকাবাসী আহত ব্যক্তিদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল কাসেম ও তাঁর নাতনি ফারহানাকে মৃত ঘোষণা করেন। বাকিদের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গাড়িচালক বিল্লালের মৃত্যু হয়।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন এই খবরের সত্যতা নিশ্চিত করেন।