নবীগঞ্জের ৩ গ্রামে ফারাজ হোসেন ফাউন্ডেশনের ত্রাণ ও ওষুধ বিতরণ

ফারাজ হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গুমগুমিয়া গ্রামে ত্রাণ বিতরণ করা হয়। রোববার সকালে
ছবি: প্রথম আলো

ফারাজ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার তিনটি গ্রামের বন্যাকবলিত ২৫০ পরিবারের মধ্যে ত্রাণ ও ওষুধ বিতরণ করা হয়েছে। আজ রোববার দিনভর এসব সহায়তা বিতরণ করা হয়।

সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নৌকায় করে বন্যাকবলিত নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের টুকের বাজার, গুমঘুমিয়া, পাঞ্জারাই গ্রামের মানুষকে খাদ্যসহায়তা ও ওষুধ দেওয়া হয়।

ত্রাণ পেয়ে পাঞ্জারাই গ্রামের বাসিন্দা ফরিদা বানু (৬২) বলেন, ‘আট দিন যাবৎ পানিত ভাসরাম, কেউ কুনতা নিয়ে আমরার গ্রামো আইছইননা। আইজ ভালা সায্য পাইলাম।’

ত্রাণ বিতরণকালে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের হবিগঞ্জ-মৌলভীবাজার অঞ্চলের বিভাগীয় বিক্রয় ব্যবস্থাপক আনোয়ার হোসেন খান ও ফারাজ হোসেন ফাউন্ডেশনের প্রতিনিধি খালিদ জামিল উপস্থিত ছিলেন। এ সময় ত্রাণ দেওয়ায় এলাকাবাসী ফারাজ হোসেন ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ত্রাণের প্রতিটি প্যাকেটে ছিল ৩ কেজি চাল, ১ কেজি আলু, আধা কেজি ডাল, ৫০০ গ্রাম তেল, ১ প্যাকেট বিস্কুট, ১০টি খাবার স্যালাইন, ২টি মোমবাতি, ১টি দেশলাই ও দেড় লিটারের বিশুদ্ধ পানির বোতল। গ্রামে গ্রামে নৌকায় করে গিয়ে এসব ত্রাণ বন্যাকবলিত ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়।

ত্রাণসামগ্রী পেয়ে গুমগুমিয়া গ্রামের আয়াত আলী (৬০) বলেন, ‘পানিতে হকলতা ভাসাইয়া নিসেগি। এক বেলার খাওনও ঘরে নাই। এখন যা পাইছি, তা লইয়া বাচ্চা-খাচ্চা পেট ভইরা খাইতে পারব।’