পাঁচবিবি ও ক্ষেতলাল পৌর নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন পুরোনোরাই

হাবিবুর রহমান (বাঁয়ে) এবং সিরাজুল ইসলাম
ছবি: সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবি ও ক্ষেতলাল পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নে কোনো নতুনত্ব নেই। আগের দুই মেয়রই দলীয় মনোনয়ন পেয়েছেন। পাঁচবিবি পৌরসভায় হাবিবুর রহমান ও ক্ষেতলাল পৌরসভায় সিরাজুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন। জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, আজ রোববার আওয়ামী লীগের স্থানীয় সরকার দলীয় মনোনয়ন বোর্ডে পাঁচবিবি পৌরসভার মেয়র পদে হাবিবুর রহমান ও ক্ষেতলাল পৌরসভার মেয়র পদে সিরাজুল ইসলাম দলীয় মনোনয়ন পেয়েছেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১১ সালের ১২ জানুয়ারি পাঁচবিবি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে হাবিবুর রহমান মেয়র নির্বাচিত হন। তিনি পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তী নির্বাচন হওয়ার কথা ছিল ২০১৬ সালে। কিন্তু সীমানা জটিলতা-সংক্রান্ত মামলার কারণে নির্বাচন আটকে যায়। পরবর্তী সময়ে পৌরসভার সীমানা বাড়ানো হয়। চলতি বছরের ২১ এপ্রিল পাঁচবিবি পৌরসভার প্রশাসক পদে প্রবীণ আওয়ামী লীগ নেতা আবদুল কাদের ব্যাপারীকে নিয়োগ দেয় সরকার।

অন্যদিকে ২০১৭ সালের ২৩ মে ক্ষেতলাল পৌরসভায় নির্বাচন হয়। নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী সিরাজুল ইসলাম মেয়র পদে জয়লাভ করেন। এ দুই পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৮ জুন, বাছাই ৩০ জুন, প্রার্থিতা প্রত্যাহার ৭ জুলাই। আগামী ২৭ জুলাই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ দুই পৌরসভায় ভোট গ্রহণ করা হবে।

দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তফসিল ঘোষণার পর মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের প্রায় দুই ডজন নেতা মাঠে ছিলেন। তাঁদের ধারণা ছিল, এবার মেয়র পদে দলীয় মনোনয়নে পরিবর্তন আসতে পারে। কিন্তু সব ধোঁয়াশা পেছনে ফেলে পুরোনোরাই দলীয় মনোনয়ন পেয়েছেন।