বাবার ভটভটির নিচে চাপা পড়ে প্রাণ গেল ছেলের

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ইঞ্জিনচালিত ভটভটি চালিয়ে যাচ্ছিলেন বাবা। তাতে একমাত্র যাত্রী ছিল ১০ বছর বয়সী ছেলে। যশোর সদর থেকে ছেলে আজিজুলকে বাবা রাশেদুল ইসলাম নিয়ে যাচ্ছিলেন নড়াইলে। সেখানকার একটি মাদ্রাসায় ছেলেকে ভর্তির কথা। কিন্তু পথে যশোর-নড়াইল মহাসড়কে ঘটে যায় দুর্ঘটনা।

রাশেদুলের ভটভটি উল্টে গেলে এর নিচে চাপা পড়ে নিহত হয় ছেলে আজিজুল। আজ সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা দক্ষিণ শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাশেদুলের বাড়ি সদর উপজেলার ভায়না গ্রামে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, বাঘারপাড়ার চাড়াভিটা দক্ষিণ শ্রীরামপুর এলাকার পাওয়ার হাউসের সামনে রাশেদুল ভটভটি নিয়ে একটি পিকআপকে ওভারটেক করতে যান। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে যায়। নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় আজিজুলের।

তুলারামপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক এসব তথ্য নিশ্চিত করেছেন।