
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় সোয়া ঘণ্টা পর সচল হয়েছে। আজ রোববার বিকেল পাঁচটার দিকে রেলস্টেশনটির ২ নম্বর লাইনে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী তেলবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।
পরে বেলা সোয়া ছয়টার দিকে লাইনচ্যুত হওয়া বগি রেখেই তেলবাহী ট্রেনটি পাঘাচং রেলস্টেশনের পথে রওনা হয়। এতে শহরের প্রধান সড়কে আটকে পড়া যান চলাচল স্বাভাবিক হয়।
রেলস্টেশন সূত্রে জানা যায়, আজ ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে একটি তেলবাহী ট্রেন ছেড়ে আসে। বিকেল ৫টা ৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন অতিক্রম করে এই তেলবাহী ট্রেন। এ সময় স্টেশনের ২ নম্বর লাইনে তেলবাহী ট্রেনের একটি বগির পেছনের চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে রেলগেটসংলগ্ন লেভেল ক্রসিং এলাকায় ইঞ্জিন দাঁড়িয়ে থাকায় কাউতলী থেকে মেড্ডা পর্যন্ত সড়কের কলেজপাড়া ও জেলা পরিষদসংলগ্ন সড়কের সামনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শহরের প্রধান সড়ক কাউতলী থেকে মেড্ডা পর্যন্ত চলাচলকারী বিভিন্ন গন্তব্যের মানুষ দুর্ভোগে পড়েন। পরে সোয়া ছয়টার দিকে লাইনচ্যুত হওয়া বগি রেখেই তেলবাহী ট্রেনটি পাঘাচং রেলস্টেশনে চলে যায়।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন মাস্টার রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম অভিমুখী লাইনে তেলবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। পরে লাইনচ্যুত হওয়া বগি রেখেই তেলবাহী ট্রেনটি পাঘাচং রেলস্টেশনে চলে যায়। তবে উদ্ধারকারী ট্রেন ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা হয়েছে। লাইনচ্যুত হওয়া বগিটি উদ্ধার করে পাঘাচং স্টেশনে নেওয়া হবে।