
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে রাজশাহীর ছয়জন, পাবনার পাঁচজন, নওগাঁর দুজন, নাটোর ও কুষ্টিয়ার একজন করে। তাঁদের মধ্যে সাতজন করোনায় মারা গেছেন। করোনা পজিটিভ মৃত ব্যক্তিদের মধ্যে রাজশাহীর চারজন, পাবনার দুজন ও কুষ্টিয়ার একজন।
বাকি আটজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে মারা গেছেন ১৮ জন। এর মধ্যে গত ১৩ জুন থেকে এ পর্যন্ত মৃত্যু ১০ থেকে ২৫–এর মধ্যে ওঠানামা করছে। গত ২৯ জুন ও ১৪ জুলাই ২৫ জন করে মারা যান। এ নিয়ে আগস্ট মাসে ৩৩ জনের মৃত্যু হলো। গত জুলাই মাসে মারা গেছেন ৫৩৫ জন। গত জুন মাসে মারা গেছেন ৩৪৬ জন।
আজ সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩৭ জন। ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৫৯ জন। এখনো হাসপাতালে ভর্তি মোট ৩৯০ জন। এর মধ্যে করোনা পজিটিভ ১৭৪ জন, সন্দেহভাজন ১৪৬ জন ও নেগেটিভ ৭০ জন। আগের দিনে রোগী ছিল মোট ৪১৮ জন।
আজ মোট রোগীর মধ্যে শুধু রাজশাহী জেলার রোগীই ১৬৩ জন। গত জুলাই মাসজুড়ে হাসপাতালের রোগীদের মধ্যে রাজশাহীর পরেই থেকেছে নাটোর। গত ২৯ জুলাই থেকে পাবনার রোগী বাড়ছে। ওই দিন থেকে পাবনা চলে আসে দ্বিতীয় স্থানে। আজও পাবনা দ্বিতীয় স্থানে আছে। আজ হাসপাতালে পাবনার মোট রোগী ৭২ জন। নাটোরের রোগী ৬৬ জন, নওগাঁর ৩৫ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৩১ জন। বর্তমানে হাসপাতালের করোনা ওয়ার্ডে শয্যাসংখ্যা ৫১৩।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে গত ২৪ ঘণ্টায় রাজশাহী জেলার ৩৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে ১০০ জনের। শনাক্তের হার দাঁড়িয়েছে ২৭ দশমিক ১৭ শতাংশ। আগের দিন এ হার ছিল ৩২ দশমিক ৭১ শতাংশ।
চাঁপাইনবাবগঞ্জের ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনা পজিটিভ এসেছে। শনাক্তের হার দাঁড়িয়েছে ৩২ দশমিক ৯৮ শতাংশ। আগের দিন এই হার ছিল ৫৩ দশমিক ৬৮ শতাংশ।