সৈয়দ আশরাফের ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদে আ.লীগের মানববন্ধন

সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদে জেলা আওয়ামী লীগের মানববন্ধন। আজ সোমবার দুপুরে কিশোরগঞ্জ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরের সামনের সড়কে।
ছবি: প্রথম আলো

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা শহরের আখড়াবাজার সেতুসংলগ্ন শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরের সামনের সড়কে এ কর্মসূচির আয়োজন করে জেলা আওয়ামী লীগ।

মানববন্ধনে জেলা আওয়ামী লীগের সভাপতি মো. কামরুল আহসান শাহজাহানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর প্রমুখ।

বক্তারা বলেন, সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুরের মাধ্যমে একটি মহল কিশোরগঞ্জকে অস্থিতিশীল করতে চায়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ম্যুরাল ভাঙার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের চিহ্নিত করে সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার সেতুসংলগ্ন নরসুন্দা নদীর তীরে কিশোরগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ সম্প্রতি সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালটি নির্মাণ করে। গত ২৯ জুলাই রাতে দুর্বৃত্তরা সৈয়দ আশরাফের ছবিসংবলিত ম্যুরাল ক্ষতিগ্রস্ত এবং উদ্বোধনী স্মৃতিফলকটি ভেঙে ফেলে। এ ঘটনায় কিশোরগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম বাদী হয়ে ৩০ জুলাই কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন। মামলার দিনই বিকেলে পুলিশ অভিযান চালিয়ে পারভেজ নামের একজনকে গ্রেপ্তার করে।