
নেত্রকোনার মদন উপজেলার একটি হাওর থেকে ভাসমান অবস্থায় গলিত এক লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে তিয়শ্রী ইউনিয়নে বালালী গ্রামের সামনের হাওর থেকে লাশটি পুলিশ উদ্ধার করে। লাশটি পচে যাওয়ায় তা নারী নাকি পুরুষের তা শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানায় পুলিশ। আজ রোববার দুপুরে ময়নাতদন্তের জন্য লাশটি নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এলাকার কয়েক বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় বালালী হাওরে একটি ডিঙি দিয়ে দুই ব্যক্তি জাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় পানির ঢেউয়ের সঙ্গে গলিত একটি লাশ দেখতে পান তাঁরা। পরে তীরে এসে বিষয়টি জানালে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। রাত নয়টার দিকে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, লাশ পচে–গলে গেছে। লাশটি নারী নাকি পুরুষের তা বোঝা যাচ্ছে না। ডিএনএসহ শরীরের বিভিন্ন নমুনা সংগ্রহ করা হচ্ছে। লাশটি বর্তমানে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ সূত্র আরও জানায়, এর আগে গত ২৬ মে নেত্রকোনা সদর উপজেলার শিবপ্রসাদপুর গ্রামের সামনে মগড়া নদী থেকে মাথাবিহীন এক অজ্ঞাতনামা নারীর গলিত লাশ উদ্ধার করা হয়। মাথা বিচ্ছিন্ন ওই লাশে পায়জামা ও স্কার্ফ ছিল। এখনো লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।