দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা ছোড়ার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই নেতা হলেন উপজেলার চোপাগাড়ী গ্রামের আনোয়ারুল ইসলাম (৫০) ও করঞ্জি দীঘিপাড়া গ্রামের দিলজার রহমান (৪৮)। আনোয়ারুল ইসলাম ঘোড়াঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দিলজার রহমান একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক।
বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ঘোড়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির আলম। তিনি জানান, এ মামলায় এখন পর্যন্ত ৩৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেলে ঘোড়াঘাট পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালান। তাঁদের হাতে লাঠি, রড, ধারালো অস্ত্র ও পেট্রলবোমা ছিল। একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পেট্রলবোমা ছোড়া হয়। এ ঘটনায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষ আহত হন। এ সময় আন্দোলনের আয়োজক সহিদ শেখ ও তাঁর সঙ্গে থাকা মো. রাফিককে পিটিয়ে গুরুতর আহত করা হয়।
২০২৪ সালের ২৪ আগস্ট ঘোড়াঘাট পৌর ছাত্রদলের সদস্য সহিদ শেখ থানায় মামলা করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, ইউপি চেয়ারম্যানসহ ৪০ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় আনোয়ারুল ইসলাম ও দিলজার রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আজ শনিবার দিনাজপুরের আদালতে পাঠানো হবে।