মিডল্যান্ড ব্যাংকের ইসলামী ব্যাংকিং 'মিডল্যান্ড ব্যাংক সালাম' সেবার উদ্বোধন

মিডল্যান্ড ব্যাংক লিমিটেড গুলশান শাখার ইসলামিক ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে শরিয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা চালু করেছে। ইসলামী ব্যাংকিংয়ের এর নাম 'মিডল্যান্ড ব্যাংক সালাম'।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীতে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করা হয়। গ্রাহকেরা ব্যাংকের ডিজিটাল সার্ভিস চ্যানেলসহ ব্যাংকের যে কোনও শাখা থেকে ইসলামী ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

ব্যাংকের সম্মানিত চেয়ারপারসন নীলুফার জাফরউল্লাহ প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ইসলামী ব্যাংকিং উইন্ডো -'মিডল্যান্ড ব্যাংক সালাম' এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

নতুন এ সেবা উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংক ইসলামিক ব্যাংকিং উইন্ডোর শরিয়াহ সুপারভাইজারি কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ, সদস্য ডা. মুহাম্মদ নজরুল ইসলাম আল-মারুফ এবং এন কে এ মবিন এফসিএ, এফসিএস ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য, ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুম।

অনুষ্ঠানে সভাপতির নীলুফার জাফর উল্লাহ বলেন, এখন অর্থনীতিতে ইসলামিক ব্যাংকিংয়ের গুরুত্ব অপরিসীম। তিনি আশা প্রকাশ করেন 'মিডল্যান্ড ব্যাংক সালাম' এর মাধ্যমে মিডল্যান্ড ব্যাংক গ্রাহকদের শরিয়াহ ভিত্তিক অত্যাধুনিক ইসলামিক ব্যাংকিং পরিষেবা প্রদান করবেন।

ইসলামিক শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, গ্রাহকেরা 'মিডল্যান্ড ব্যাংক সালাম' এর মাধ্যমে উন্নত প্রযুক্তিভিত্তিক ইসলামিক ব্যাংকিং পরিষেবা গ্রহণ করতে পারবেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান উজ জামান বলেছেন, বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালিত শরীয়াহ নীতিমালা সমূহ কঠোরভাবে অনুসরণ করে 'মিডল্যান্ড ব্যাংক সালাম' পরিচালিত হবে। মিডল্যান্ড ব্যাংক ইসলামিক ব্যাংকিং উইন্ডোর মূল লক্ষ্য হচ্ছে, গ্রাহকেরা যাতে তাদের চাহিদা মোতাবেক ইসলামিক শরিয়াহ ভিত্তিক ব্যাংকিং করতে পারেন তা পূরণ করা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ইসলামিক ব্যাংকিং বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।