প্রথম ধাপে কুয়েত গেলেন ৫০ জন নার্স, বেতন ৮০-৯০ হাজার

প্রথম ধাপে ৫০ জন নার্স কুয়েত পৌঁছেছেন। এর মধ্যে ১৬ জন নারী রয়েছেন।
ছবি: বোয়েসেলের সৌজন্যে

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কুয়েতের বিভিন্ন সরকারি হাসপাতালে যোগদানের জন্য প্রথম ধাপে ৫০ জন নার্স কুয়েত পৌঁছেছেন। এর মধ্যে ১৬ জন নারী রয়েছেন। আজ রোববার দুটি পৃথক ফ্লাইটে তাঁরা কুয়েত পৌঁছান।

বোয়েসেল সূত্রে জানা গেছে, জাজিরা এয়ারওয়েজের দুটি পৃথক ফ্লাইটে ৫০ জনের প্রথম দল আজ ভোর ৪টা এবং সকাল ৭টা ১৫ মিনিটে কুয়েতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। নির্দিষ্ট সময়ে তাঁরা কুয়েতে পৌঁছান। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান এবং দূতাবাসের কর্মকর্তারা কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান।

বোয়েসেলের উপমহাব্যবস্থাপক নূর আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বোয়েসেলের মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে কুয়েতের বিভিন্ন সরকারি হাসপাতালে নার্স নিয়োগ করা হচ্ছে। এই প্রক্রিয়ার মাধ্যমে কুয়েতের স্বাস্থ্য খাতসহ অন্যান্য খাতেও কর্মী পাঠানোর দুয়ার উন্মোচন হবে বলে আমরা আশা করছি।’

নূর আহমেদ বলেন, প্রথম ধাপে যাঁরা গেলেন, তাঁদের মধ্যে ডিপ্লোমা ডিগ্রিধারী এবং বিএসসি ডিগ্রিধারী নার্স রয়েছেন। বিএসসি পাস নার্সদের বেতন ৯০ হাজার টাকা ও ডিপ্লোমা পাস নার্সদের বেতন ৮০ হাজার। বছরে বেতন বৃদ্ধি ১০ কুয়েতি দিনার। কুয়েতের শ্রম আইন অনুযায়ী ওভারটাইম পাবেন।

বোয়েসেল সূত্রে জানা যায়, কুয়েতের বিভিন্ন সরকারি হাসপাতালে নার্স নিয়োগের জন্য দেশটির ‘সিটি গ্রুপ জেনারেল ট্রেডিং কোম্পানি’ এবং ‘অ্যাডভান্স টেকনোলজি কোম্পানি’ ২০২১ সালের নভেম্বর মাসে আগ্রহ প্রকাশ করে। তাদের চাহিদার ভিত্তিতে নার্স নিয়োগ বিজ্ঞপ্তি বোয়েসেলের ওয়েবসাইটে এবং দুটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করে আগ্রহী নার্সদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র চাওয়া হয়। প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা বোয়েসেলের তত্ত্বাবধানে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা নেন। গত ১২-১৮ জানুয়ারি কুয়েতের ‘অ্যাডভান্স টেকনোলজি কোম্পানি’ লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ৩২৮ জন এবং ২১-২৮ জানুয়ারি কুয়েতের ‘সিটি গ্রুপ জেনারেল ট্রেডিং কোম্পানি’ লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ৪২৬ জনকে নির্বাচিত করেন।

প্রথম দফায় কুয়েতের সিটি গ্রুপ জেনারেল ট্রেডিং কোম্পানির নির্বাচিত নার্সদের মধ্যে ৫০ জনের দল আজ পৌঁছেছেন। বাকিদের ধাপে ধাপে পাঠানো হবে। দ্বিতীয় দফায় ২৪ জনের আরেকটি দল ২৪ ও ২৫ জুন কুয়েত যাবেন।