জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ছাত্রী হল থেকে রান্নার অবৈধ বৈদ্যুতিক পণ্য উদ্ধার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি: প্রথম আলো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে অনুমতি ছাড়া ব্যক্তিগত রান্না করার বৈদ্যুতিক পণ্য উদ্ধার করেছে হল কর্তৃপক্ষ। আজ রোববার হলে অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন কক্ষ থেকে চারটি রাইস কুকার, একাধিক বৈদ্যুতিক কেটলি বাজেয়াপ্ত করা হয়।

হল কর্তৃপক্ষ জানায়, বিনা অনুমতিতে এসব বিদ্যুৎ–চালিত পণ্য রাখায় অভিযুক্ত ছাত্রীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। তবে যাঁদের পণ্য নেওয়া হয়েছে, তাঁদের ঈদে বাড়ি ফেরার সময় এগুলো দিয়ে দেওয়া হবে, যেন তাঁরা এসব নিজের বাড়িতে রেখে আসতে পারেন।

ছাত্রীরা বলছেন, হল ডাইনিং ও বাহির থেকে সরবরাহ করা খাবার খেতে না পারায় তাঁরা এসব পণ্য ব্যবহার করছিলেন।

হল কর্তৃপক্ষ বলছে, নবনির্মিত ছাত্রী হলটিতে ওঠার সময় ছাত্রীদের শর্ত দেওয়া হয়েছিল, হলে কোনো ধরনের ব্যক্তিগত রান্নার বৈদ্যুতিক পণ্য ব্যবহার করা যাবে না। এ বিষয়ে একাধিক নোটিশ দেওয়া হয়। পরে অভিযোগ পেয়ে বিভিন্ন তলায় ছাত্রীদের কক্ষে অভিযান চালানো হয়। উদ্ধার করা পণ্যগুলো কর্তৃপক্ষ নিজেদের জিম্মায় নিয়েছে।

ছাত্রী হলের প্রভোস্ট শামীমা বেগম বলেন, অবৈধভাবে এসব বৈদ্যুতিক পণ্য ব্যবহার করায় প্রায় প্রতিদিনই বিভিন্ন তলায় বিদ্যুৎ–সমস্যা হচ্ছিল। দুর্ঘটনা এড়াতে ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে এসব পণ্য ব্যবহার না করতে নোটিশ দেওয়া হয়। তবু অনেকে সাবধান না হওয়ায় অভিযান চালানো হয়েছে। বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে। তিনিও ছাত্রীদের এসব বৈদ্যুতিক পণ্য ব্যবহার না করার পক্ষে মত দিয়েছেন।