৯৫টি সরকারি কলেজের অধ্যক্ষের পদমর্যাদা এক ধাপ উন্নতি

ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, ময়মনসিংহের আনন্দমোহন কলেজ, চট্টগ্রাম কলেজ, সিলেটের এমসি কলেজ, রাজশাহী কলেজ, কারমাইকেল কলেজ, সরকারি বিএল কলেজ ও  বিএম কলেজসহ দেশের ৯৫টি সরকারি কলেজের অধ্যক্ষের পদমর্যাদা এক ধাপ উন্নতি করা হয়েছে। এখন এসব কলেজের অধ্যক্ষের পদটি হবে তৃতীয় গ্রেডের। এত দিন এই পদটি ছিল চতুর্থ গ্রেডে।

আজ রোববার প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় এসব পদের অনুমোদন দেওয়া হয় বলে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ২০১৫ সালের জাতীয় বেতনস্কেল অনুযায়ী বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের তৃতীয় গ্রেডে উন্নীত হওয়ার সুযোগ ছিল না। শিক্ষা ক্যাডারের অধ্যাপকের বিদ্যমান পদটি এখন চতুর্থ গ্রেডের।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি কলেজগুলোর মধ্যে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর পড়ানো হয় এমন কলেজগুলোর বিভাগীয় প্রধানের পদটিও চতুর্থ গ্রেডের। আবার অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের পদও একই গ্রেডের। এ জন্য প্রশাসনিক ভারসাম্য আনা ও শৃঙ্খলার স্বার্থে বিভাগীয় শহরের নয়টি বড় সরকারি কলেজ এবং অন্যান্য জেলার ৮৬টি কলেজসহ মোট ৯৫টি কলেজের অধ্যক্ষ পদের বেতন গ্রেড তৃতীয় গ্রেডে উন্নীত করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, পদগুলোর উন্নতি হয়েছে। এখন সুপিরিয়র সিলেকশন বোর্ডের মাধ্যমে পদোন্নতির প্রক্রিয়াগুলো অনুসরণ করে অধ্যাপকদের মধ্যে থেকে এসব পদে নিয়োগ দেওয়া হবে।

উল্লেখ, ২০১৫ সালের জাতীয় বেতনস্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চাকরির পরিচয় হয় গ্রেডের ভিত্তিতে। আগে তা হতো প্রথম শ্রেণি, দ্বিতীয় শ্রেণি, তৃতীয় শ্রেণি এবং চতুর্থ শ্রেণি— এই শ্রেণির ভিত্তিতে।