যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ব্যাংকিং খাত নিয়ে আইইউবিএটিতে সেমিনার

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ব্যাংকিং খাত নিয়ে সেমিনার আয়োজন করেছে আইইউবিএটি।
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ব্যাংকিং খাত নিয়ে সেমিনার আয়োজন করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে ব্যাংকিং সেবার নানা দিক নিয়ে রোববার আইইউবিএটিতে আয়োজন করা হয় এই বিশেষ সেমিনার।

সেমিনারটির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের কলেজ অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (সিবিএ) অনুষদের শিক্ষার্থীরা। সেমিনারে বিভিন্ন বিভাগের তিন শ শিক্ষার্থীর পাশাপাশি অধ্যাপকেরাও অংশগ্রহণ করেন।


সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের স্টকটন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের অর্থনীতি বিষয়ের ভিজিটিং অধ্যাপক ড. মুনির হাসান। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের মানুষ যুক্তরাষ্ট্রের ব্যাংকিং সেবাকে পছন্দ করে। সেখানে ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রবণতা বেশি হলেও, ব্যাংকিং সেবা নিরাপদ। ব্যাংকগুলো তাদের গ্রাহককে সর্বাত্বক সেবা দেওয়ার চেষ্টা অব্যাহত রাখে।

মুনির হাসান আরও বলেন, বিশ্বায়নের সঙ্গে বদলে যাচ্ছে সারা বিশ্বের ব্যাংকিং সেবা। উন্নত বিশ্বের ব্যাংকিং সেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে গেলেও বাংলাদেশে ব্যাংকিং যাত্রার অগ্রগতি হচ্ছে বেশ ধীরে। বর্তমানে দেশে ৪২টি বেসরকারি ব্যাংক থাকলেও আন্তর্জাতিক মানের ব্যাংকিং সেবার সবটা পাচ্ছে না জনগণ। তবে সবাই সচেতন হলেই নিরাপদ ব্যাংকিং সেবা গড়ে তোলা সম্ভব এ দেশেও।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আইবিএ–এর সাবেক পরিচালক শিক্ষাবিদ ড. এম আলিমউল্যা ১৯৯১ সালে আইইউবিএটি প্রতিষ্ঠা করেন। আইইউবিএটি থেকে পাস করা শিক্ষার্থীরা বর্তমানে দেশ এবং বিদেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন এবং দেশের জন্য সুনাম বয়ে আনছেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পথিকৃৎ বিশ্ববিদ্যালয়টি দেশে প্রথম বিবিএ, হোটেল ম্যানেজমেন্ট এবং বেসরকারিভাবে প্রথম অ্যাগ্রিকালচার, নার্সিং ও মেকানিক্যাল ইঞ্জিয়ারিং প্রোগ্রাম চালু করে।