পর্নো অ্যাপ পরিচালনার অভিযোগে স্বামী গ্রেপ্তার হওয়ার পর থেকেই নানাভাবে আক্রমণের শিকার হয়েছেন শিল্পী শেঠি। ইনস্টাগ্রামে একটি পরোক্ষ পোস্ট দেওয়া ছাড়া এ নিয়ে এত দিন প্রকাশ্যে কোনো কথা বলেননি এই বলিউড অভিনেত্রী। অবশেষে আজ সোমবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন।

শিল্পা শেঠি লিখেছেন, ‘গত কয়েক দিন সবদিক থেকেই আমার জন্য ছিল চ্যালেঞ্জিং। অনেক গুজব ও অভিযোগ শুনলাম। গণমাধ্যম এবং শুভাকাঙ্ক্ষীরা (যতটা ভেবেছি, ততটা নয়) আমাকে নিয়ে অনেক নোংরা কথা বলেছেন। প্রচুর ট্রল হয়েছে, নানা রকম প্রশ্ন উঠেছে। কেবল আমাকে নয়, সেসবে জর্জরিত হয়েছে আমার পরিবারও। আমি এখনো এসব নিয়ে কোনো মন্তব্য করিনি এবং আপাতত সেটা থেকে বিরত থাকছি। কারণ, বিষয়টি এখনো বিচারাধীন। তাই দয়া করে আমার বরাত দিয়ে বানোয়াট বক্তব্য প্রকাশ করা বন্ধ করুন। একজন তারকা হিসেবে নিজের দর্শনের পুনরাবৃত্তি করে বলতে চাই, “অভিযোগ কোরো না, ব্যাখ্যা দিতে যেয়ো না।” শুধু এটুকুই বলব, বিষয়টি নিয়ে তদন্ত চলছে, আর মুম্বাই পুলিশ এবং ভারতের বিচারব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা আছে।’
শিল্পা শেঠি আরও লেখেন, ‘পারিবারিকভাবে আমরা আইনগত সব ধরনের পদক্ষেপ নেব। ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছে বিনীত অনুরোধ, বিশেষ করে একজন মা হিসেবে, আমাদের সন্তানের স্বার্থে আমাদের গোপনীয়তার প্রতি একটু সম্মান প্রদর্শন করুন। সত্যতা যাচাই না করে কাঁচা তথ্যের ওপর ভিত্তি করে কোথাও মন্তব্য না করতে অনুরোধ জানাচ্ছি।’
সবশেষে শিল্পা লেখেন, ‘আমি ভারতীয় আইন মেনে চলা একজন গর্বিত নাগরিক এবং গত ২৯ বছর ধরে কঠোর পরিশ্রম করে টিকে আছি। মানুষ আমার ওপর বিশ্বাস রেখেছে এবং আমি কখনো কাউকে নিরাশ করিনি। অতএব, আমি আপনাদের অনুরোধ করছি, এই সময়ে আমার পরিবার এবং “গোপনীয়তার অধিকার”কে সম্মান করুন। গণখবরের ওপর ভিত্তি করে আমাকে বিচার করবেন না। দয়া করে আইনকে তার কাজটি করতে দিন। সত্যের জয় হোক।’
এত দিন কোনো বিবৃতি না দিলেও রাজ গ্রেপ্তার হওয়ার পর ইনস্টাগ্রামে একটি পোস্ট করে শিল্পা ইঙ্গিত দিয়েছিলেন যে এই কঠিন পরিস্থিতির সঙ্গে তিনি লড়াই করতে প্রস্তুত। স্বামী গ্রেপ্তার হওয়ার পর থেকে তাঁকে নানাভাবে আক্রমণ করা হচ্ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ঘিরে বয়ে যাচ্ছিল সমালোচনার ঝড়। সে সময় ইনস্টাগ্রামে একটি বইয়ের পৃষ্ঠার ছবি শেয়ার করেছিলেন তিনি। যেখানে দেখা যাচ্ছিল মার্কিন লেখক জেমস থার্বার একটি উক্তি, ‘রাগ হলে পেছনে ফিরে দেখবেন না। আর ভয় পেলে সামনের দিকে দেখবেন না। নিজের চেতনাকে জাগরিত করতে চারদিকে চোখ রাখুন।’ নিচে বোল্ড হরফে লেখা ছিল ‘আমি দীর্ঘ এক শ্বাস নিই, এই ভেবে যে আমি জীবিত আছি। আর আমি নিজেকে ভাগ্যবতী মনে করি। আগেও আমি অনেক কঠিন পরিস্থিতির সঙ্গে লড়েছি। আগামী দিনেও কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করব। আমাকে আমার মতো করে বেঁচে থাকার জন্য আর কেউ এখন বিভ্রান্ত করতে পারবে না।’
পর্নো ছবি বানিয়ে অ্যাপের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে শিল্পী শেঠির স্বামী ভারতীয় ব্যবসায়ী রাজ কুন্দ্রকে গত ১৯ জুলাই রাতে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। একই মামলায় ইতিমধ্যে নয়জন ভারতীয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে ১৪ দিনের জন্য জেলে পাঠিয়েছেন মুম্বাইয়ের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।