ঢাকায় লীলা স্যামসনের কর্মশালা

ঢাকায় শুরু হয়েছে নৃত্যগুরু লীলা স্যামসনের কর্মশালা। অনলাইনে ভরতনাট্যম কর্মশালার এ আয়োজন করেছে ওয়ার্ল্ড ড্যান্স অ্যালায়েন্স-এশিয়া প্যাসিফিকের বাংলাদেশ অধ্যায় নৃত্যযোগ। রোববার থেকে ভার্চ্যুয়াল এ কর্মশালায় অংশ নিচ্ছেন ৬০ জন ভরতনাট্যম নৃত্যশিল্পী।

লীলা স্যামসন। ছবি : সংগৃহীত
লীলা স্যামসন। ছবি : সংগৃহীত

পদ্মশ্রী লীলা স্যামসন ভারতের চেন্নাইয়ের অগ্রজ ভরতনাট্যম নৃত্যগুরু। অসাধারণ নৃত্যশৈলীর জন্য তাঁর রয়েছে পরিচিতি ও গ্রহণযোগ্যতা। তাঁর নৃত্য সংস্থা স্পান্ধা ভরতনাট্যম কোরিওগ্রাফিতে নতুনত্ব আনতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ২০০৫-১২ সাল পর্যন্ত তিনি কালাক্ষেত্রের পরিচালক ছিলেন।

ঢাকায় লীলা স্যামসনের এ কর্মশালা শুরুর আগে ছিল একটি উদ্বোধনী অনুষ্ঠান। এর উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী। নৃত্যযোগ সভাপতি আনিসুল ইসলাম, সাধারণ সম্পাদক লুবনা মরিয়াম এ আয়োজনে সবাইকে স্বাগত জানান। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনটির কার্যনির্বাহী সদস্য সোমা মমতাজ, মুনমুন আহমেদ প্রমুখ।

লীলা স্যামসন ১৯৮২ সালে সংস্কৃতি পুরস্কার, ১৯৯০ সালে পদ্মশ্রী, ১৯৯৭ সালে নৃত্য চূড়ামণি, ২০০০ সালে সংগীত নাটক আকাদেমি পুরস্কার এবং ২০১৫ সালে মিউজিক একাডেমি, চেন্নাই থেকে নাট্যকলা আচার্য পুরস্কার পেয়েছেন। তিনি সংগীত নাটক আকাদেমি, নয়াদিল্লির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এক সপ্তাহের কর্মশালা শেষে অপেক্ষমাণ নৃত্যশিল্পীদের নিয়ে আবার একটি কর্মশালা করাবেন তিনি।