রস‍+আলো

এ সপ্তাহের মিম রাশি

মিম রাশি মিমের মতোই হালকা বিষয়! আবার মিমের মতোই ভারী! বিশ্বাস করবেন নাকি করবেন না, সেটা সম্পূর্ণ আপনার বিবেচনা। কিন্তু কোনো ভবিষ্যদ্বাণী মিলে গেলে নাজমুল হোসেন কিংবা রস+আলো কোনোভাবেই দায়ী থাকবে না। —জ্যোতিষী নাজমুল হোসেন

তৈয়ব রাশি

(২১ মার্চ-২০ এপ্রিল)

সাফল্য আপনার দরজায় কড়া নাড়বে, কিন্তু খেয়াল রাখবেন আপনি যেন কানে হেডফোন দিয়ে রিলস দেখায় ব্যস্ত না থাকেন! আর কিছুর ধার ধারুন বা না ধারুন, এই রাশির জাতক-জাতিকারা এই সপ্তাহে ডিজিটাল নিরাপত্তা আইনের ধার ধারবেন। নইলে বিপদ হতে পারে। মাটি দেখলেই মুখে মাখতে যাবেন না।

বড় চাচা রাশি

(২১ এপ্রিল-২০ মে)

ইন্টেলিজেন্ট মানুষের মতো কাজ করার চেষ্টা করুন, যদিও কাজটা আপনার জন্য কঠিন। সপ্তাহজুড়ে আপনার মেজাজ হিটওয়েভের মতো হিট হয়ে থাকতে পারে। কফিন থেরাপি নিয়ে দেখতে পারেন। কফিনে ঢুকে আধা ঘণ্টা শুয়ে থাকলে মেজাজ রুম টেমপারেচারে থাকবে।

জসীম রাশি

(২১ মে-২০ জুন)

জীবন লটারি নয় যে আপনি ঘুমাবেন আর প্রেম হয়ে যাবে! তার জন্য একটু পরিশ্রম করা জরুরি। পরিশ্রম করতে না চাইলে আপনার মুরুব্বি রাশির বন্ধুকে নক দিন, কারণ তার কাছ থেকে এই সপ্তাহে আপনার ট্রিটযোগ আছে।

ডিপজল রাশি

(২১ জুন-২০ জুলাই)

এই সপ্তাহে পা মেপে চলুন! সুন্দর একটা সপ্তাহে কেউ আপনাকে পুত কইরা দিতে পারে। ভুলেও এই সপ্তাহে কোনো খেতের দিকে পা বাড়াবেন না, ওটা আপনার জন্য অশুভ। গ্যাসের যা দাম, সিলিন্ডার শেষ না হলে সরকারকে একটি ধন্যবাদপত্র পাঠানোর কথা ভাবতে পারেন।

বাপ্পারাজ রাশি

(২১ জুলাই-২১ আগস্ট)

সারা বছর ছ্যাঁকা খেয়ে অভ্যস্ত হলেও, এই সপ্তাহটা আপনার জন্য সুখের দিন। দুখের মধ্যে এই আকস্মিক সুখ হয়তো সহ্য না–ও হতে পারে, তবু চেষ্টা করুন সহ্য করতে। অতি আনন্দে ফিট খেয়ে যাবেন না।

শাবানা রাশি

(২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

আপনার বাসায় কি সিন্দুক আছে? কিংবা ব্যাংকের ভল্ট? না থাকলে এনে রাখতে পারেন। এই সপ্তাহে আপনার অর্থযোগ আছে। এক্স-এর আইডিতে স্টকিং করা বন্ধ করুন! সাবধান, স্টকিং করলেও খেয়াল রাখবেন যাতে তার কোনো ছবিতে ভুলে রিঅ্যাকশন না দিয়ে বসেন!

ছোটন কাকু রাশি

(২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

অফিসের কাজের চাপে আপনার নাজেহাল অবস্থা হতে পারে। কাজের ইয়েতে দাঁড়ানো তো দূরের কথা, বসার সুযোগও পাবেন না। এর মধ্যে বাড়তি বোনাস হিসেবে আসতে পারে লোডশেডিং। ব্যাকআপ হিসেবে তালপাতার পাখা আর ধৈর্য, দুটোই সাথে রাখুন।

আনিস রাশি

(২৩ অক্টোবর-২১ নভেম্বর)

আপনার কি সামনে পরীক্ষা? কিংবা অফিসের কোনো অ্যাসাইনমেন্ট? তাহলে বাসার বাথটাবে শুয়ে শুয়ে লেখাপড়া করুন! কাজ করুন! গরমে আরাম লাগবে, কাজও ভালো হবে। ফলাফল একদম মানিব্যাক গ্যারান্টি!

মুরুব্বি রাশি

(২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

রাস্তায় কেউ আঙ্কেল ডাকলে কি আপনার রাগ হয়? হতেই পারে! কিন্তু আপনার আসলে রিয়ালিটি ‘মাইনা’ নেওয়া উচিত মুরুব্বি! আঙ্কেল ডাকা দোষের কিছু না, বরং এটি প্রমাণ করে জীবন নিয়ে আপনি অনেক অভিজ্ঞ!

মাসুদ রাশি

(২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

এই সপ্তাহে ভালো হয়ে যান। যদি প্রথম অ্যালার্মেই ঘুম থেকে উঠতে পারেন, তবেই সাফল্যের মুখ দেখবেন। গরমের ঠেলায় মেজাজ খিটখিটে হতে পারে, তাই বেশি করে তরমুজ খান। পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা।

রুমিন রাশি

(২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

রঠা আপনার জন্যই লিখেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলোরে! কেউ আপনার ডাক শুনে আসুন বা না আসুক, ডাক অর্থাৎ হাঁস কিন্তু আসবে! কোনো প্রিয় মানুষের বাসায় এই সপ্তাহে দাওয়াত পেতে পারেন। না পেলে লজ্জা ঝাড়ুন, নিজেই ফোন করে দাওয়াত নিন!

শাহীন রাশি

(১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

কাঙ্ক্ষিত কিছু পাওয়ার এটাই মোক্ষম সময়। দ্বিধা ঝেড়ে ফেলে প্রপোজটা করেই ফেলুন। রিজেকশন খেলে বড়জোর বাপ্পারাজ রাশিতে প্রমোশন পাবেন, এর বেশি তো আর কিছু না! হতাশ হবেন না, প্রেম জীবনে বারবার আসবে।