বন্যার্তদের পাশে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি

ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের সদস্যরা।
ছবি: বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে সিলেটের সুনামগঞ্জের বেশ কিছু এলাকায় ২৪ জুন ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ঢাকার এই বেসরকারি বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের সহায়তায় এই আয়োজন করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের সদস্যরা। তাঁদের সহযোগিতায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কর্মকর্তা ও শিক্ষার্থীদের প্রতিনিধিদল ইঞ্জিনচালিত নৌকা নিয়ে গ্রামের একেকটি বাড়িতে পৌঁছেছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সুনামগঞ্জ সদর থানার কুরবান নগর ইউনিয়ন পরিষদে ৪ নম্বর ওয়ার্ডের ৩টি গ্রাম—আমিরপুর, অচিন্তপুর ও শেখের গাঁও এবং ৬ নম্বর ওয়ার্ডের ৩টি গ্রাম—নতুন ভ্রামন গাঁও, ভ্রামন গাঁও উত্তর ও হাসানবসতের প্রায় ৫২০টি বন্যাকবলিত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।