অলংকরণ: এস এম রাকিবুর রহমান
অলংকরণ: এস এম রাকিবুর রহমান

কবিতা

ফিলিস্তিন

পশ্চিমের ‘সভ্য’ খেলোয়াড়েরা প্রায়-প্রায়ই নেমে পড়ে গেণ্ডুয়া খেলায়—
শিশু ও মানুষদের গোল-গোল নরমুণ্ডের গেণ্ডুয়া।

যতবারই এয়ার স্ট্রাইক, যতবারই বিস্ফোরণ,
ততবারই কুটি-কুটি হয়ে ছিঁড়ে যায় শত শত শিশু ও তাদের বাবা-মা।
সঙ্গে সঙ্গে উল্লসিত হয়ে ওঠে গেণ্ডুয়া গেমের স্ট্রাইকার
আর মাঠে-নেমে-আসা তাদের উন্মত্ত, অন্ধ সমর্থকেরা।

গ্যালারিতে বসে দ্যাখে মানবতার ফেরিঅলা সম্প্রদায়।
মাঝে মাঝে তারা চোখ ঢেকে নেয় দু-হাতে, আবার
চোখ ফিরিয়েও নেয় কখনো কখনো।

মরতে ভয় পায় না আর সে-দেশে শিশুরা
স্রেফ মরতেই তো চায় তারা, তবে মরতে চায় আস্ত,
টুকরো টুকরো হয়ে নয়।
তাদের একমাত্র ভয়
কুটি-কুটি হয়ে ছিঁড়ে যাওয়ার।

সেই দেশে দ্রুত একঝটকায় ধসিয়ে দেওয়া হয় মানুষের গড় পরমায়ু—
পঁচাত্তর থেকে পঁয়ত্রিশে।