
সপ্তম শতাব্দীতে রচিত ইংরেজি কবিতার হারিয়ে যাওয়া একটি অনুলিপি ইতালির রোমে পাওয়া গেছে। এটি ইংরেজি ভাষার টিকে থাকা সবচেয়ে প্রাচীন কবিতা বলে মনে করা হচ্ছে।
ট্রিনিটি কলেজ ডাবলিনের গবেষকেরা রোমের ন্যাশনাল সেন্ট্রাল লাইব্রেরিতে কবিতাটির অনুলিপি খুঁজে পান। এটি ‘ক্যাডমন’স হেম’ নামের একটি বিখ্যাত কবিতা।
ইংরেজ ইতিহাসের জনক হিসেবে পরিচিত মধ্যযুগীয় ধর্মতাত্ত্বিক সেন্ট বিড অষ্টম শতাব্দীতে এ কবিতা লিপিবদ্ধ করেছিলেন। ধারণা করা হচ্ছে, রোমে পাওয়া পুরোনো ইংরেজি সংস্করণটি উত্তর ইতালির কোনো সন্ন্যাসী ৮০০ থেকে ৮৩০ খ্রিষ্টাব্দের মধ্যে অনুলিখন করেছিলেন।
গবেষক এলিসাবেত্তা ম্যাগন্যান্টি বলেন, ‘যখন এটি দেখলাম, আমরা একে অপরের দিকে তাকালাম। আমি বললাম, এটার কথা কেউ জানে না। নিশ্চিত হওয়ার জন্য আমি আবার ক্যাটালগ পরীক্ষা করি, সেখানে এর কোনো উল্লেখ ছিল না। এটা ছিল বিস্ময়কর এবং খুবই আনন্দের।’
প্রাচীন কবিতাটির টিকে থাকা তৃতীয় অনুলিপি এটি। এর চেয়ে পুরোনো দুটি অনুলিপি রয়েছে কেমব্রিজ ও রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। তবে সেসব অনুলিপিতে কবিতাটি লাতিন ভাষার মূল লেখার পাশে বা শেষে ইংরেজি যোগ করা হয়েছিল।
রোমে পাওয়া সংস্করণটির বিশেষ গুরুত্ব হলো, এতে পুরোনো ইংরেজি ভাষা মূল লেখার অংশ হিসেবেই আছে।
অনুলিপিটিতে প্রতিটি শব্দের পর পূর্ণচ্ছেদ ব্যবহার করা হয়েছে। আরেক গবেষক ফকনারের মতে, শব্দ আলাদা করে লেখার পদ্ধতি তখনো নতুন ছিল।
গবেষকেরা তাঁদের অনুসন্ধান প্রকাশ করেছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষণা সাময়িকীতে।
ধারণা করা হয়, ক্যাডমন ছিলেন নিরক্ষর এক গবাদিপশুর পালক, যিনি ইংল্যান্ডের নর্থ ইয়র্কশায়ারের হুইটবি অ্যাবিতে কাজ করতেন। বিডের বর্ণনা অনুযায়ী, এক ঐশী অভিজ্ঞতা তাঁকে এই কবিতা রচনা ও গাওয়ার অনুপ্রেরণা দেয়। কবিতাটিতে পৃথিবী সৃষ্টির জন্য ঈশ্বরের প্রশংসা করা হয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
গ্রন্থনা: রবিউল কমল