ভারতবর্ষে পানের ইতিহাস বহু পুরোনো। গৃহস্থ ঘর থেকে রাজদরবার, পানের কদর সবখানেই। কাল গড়ালেও কমেনি পানের আবেদন। বিশেষ করে গ্রামীণ জনপদে। বরিশালের গৌরনদী পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের টরকী বাসস্ট্যান্ড–সংলগ্ন নীলখোলায় বসে পানের হাট। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এলাকাজুড়ে বিস্তৃত এই হাটে প্রতিদিন কোটি টাকার লেনদেন চলে। টরকী বাজারে সপ্তাহের পাঁচ দিন (বৃহস্পতি ও সোমবার ছাড়া) চলে এই বিশাল বাণিজ্য। চারটি থানার মানুষের জীবন-জীবিকা এই বাজারের ওপর নির্ভরশীল। আড়তদারদের দেওয়া তথ্য অনুসারে, এই হাটে বছরে ব্যবসার পরিমাণ ২৫০ থেকে ৪০০ কোটি টাকা।
