দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ৯ বছরের কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। দুদকের অপর মামলায় বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন ১৩ বছরের কারাদণ্ড থেকে এবং তাঁর ছেলে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন তিন বছরের কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন।
পৃথক মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তিনজনের করা পৃথক আপিলের ওপর শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ বৃহস্পতিবার এ রায় দেন।
আদালতে আপিলকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, মো. রুহুল কুদ্দুস ও রাগীব রউফ চৌধুরী শুনানি করেন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী শাহীন আহমেদ।
এক-এগারোর সরকারের আমলে দুদক ওই মামলা দুটি দায়ের করে বলে জানান জ্যেষ্ঠ আইনজীবী রাগীব রউফ চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, পৃথক দুই মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তিনজনের করা পৃথক তিনটি আপিল মঞ্জুর করেছেন আপিল বিভাগ। ইকবাল হাসান মাহমুদ টুকুর ৯ বছরের কারাদণ্ড বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছেন আপিল বিভাগ। মীর মোহাম্মদ নাছির উদ্দিন ১৩ বছরের কারাদণ্ড এবং তাঁর ছেলে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ৩ বছরের কারাদণ্ড বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করা হয়েছে। এর মধ্য দিয়ে তিনজনই মামলা থেকে খালাস পেলেন।