রাজধানীর বাড্ডা এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরে খাওয়ার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকা, ২ মে
রাজধানীর বাড্ডা এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরে খাওয়ার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকা, ২ মে

বিএনপি নেতারা কেউ দেশ ছেড়ে যাচ্ছেন না: রিজভী

বিএনপির নেতা–কর্মীরা হতাশ বা ক্লান্ত নন, তাঁরা কেউ দেশ ছেড়ে যাচ্ছেন না বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বরং আওয়ামী লীগের নেতা ও তাঁদের স্বজনেরা দেশ ছেড়ে যাচ্ছেন বলে দাবি করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাড্ডা এলাকায় পথচারীদের মধ্যে বিএনপির পক্ষ থেকে খাওয়ার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচিতে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। চলমান তাপপ্রবাহের কারণে ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিএনপির কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ, কেউ কেউ বিদেশে পাড়ি জমিয়েছেন বলে গতকাল বুধবার বিকেলে রাজধানীর এক সমাবেশে বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তাঁর ওই বক্তব্যের জবাবে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হতাশা থেকে শ্রাবণের বৃষ্টির ধারার মতো ‘অনর্গল মিথ্যা’ কথা বলছেন। শত নিপীড়নেও বিএনপি নেতারা রাজপথে আছেন এবং সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ক্ষমতাসীন দলের নেতা–কর্মীরা ব্যাংক লুট করে, হল–মার্ক কেলেঙ্কারি করে, পদ্মা সেতু, মেট্রোরেল ও ফ্লাইওভার নির্মাণের নামে টাকা লুটপাট করে সেই টাকা বিদেশে পাচার করেছে। মালয়েশিয়া, কানাডা ও অস্ট্রেলিয়ায় সেকেন্ড হোম (দ্বিতীয় নিবাস) তৈরি করে স্ত্রী-সন্তান ও  আত্মীয়স্বজনদের সেখানে পাঠিয়ে দিচ্ছে।

দেশে দুর্বিষহ অবস্থা চলছে দাবি করে রুহুল কবির রিজভী বলেন, আজ এক মাসের মতো দেশে খরা চলছে, তাপপ্রবাহ চলছে, মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে। কিন্তু শ্রমজীবী মানুষকে বাঁচানোর জন্য সরকার কিছুই করেনি। শহীদ জিয়া (বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান) খাল খনন, নদী খনন, বৃক্ষরোপণ, সেচব্যবস্থাসহ যেসব কল্যাণমূলক কাজ করেছিলেন, সেগুলো সরকার বন্ধ করে দিয়েছে। দিনাজপুর, ঠাকুরগাঁওয়ে মানুষ সেচের জন্য পানি পাচ্ছে না।

স্থানীয় বিএনপি নেতা বরকত আলীর সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক, দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, মহানগর বিএনপির নেতা ভিপি শামসুল হক, আনোয়ারুজ্জামান প্রমুখ।