পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যার প্রথম দুটি জিতল দক্ষিণ আফ্রিকা। পরের দুটি ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল ভারত। তাতে বেঙ্গালুরুর শেষ ম্যাচটার গায়ে লেগে যায় ফাইনালের তকমা। সেই ফাইনালে আজ ভারত কিংবা দক্ষিণ আফ্রিকা নয়, জিতল বৃষ্টি। তাতে পাঁচ ম্যাচের সিরিজটা ভাগাভাগি করল দুই দল।
বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে খেলা শুরু হতেই আজ দেরি হয়েছে। সব অনিশ্চয়তা দূর করে খেলা যখন শুরু হলো, ম্যাচ আর ২০ ওভারের নেই, হয়ে গেছে ১৯ ওভারের। সেই ১৯ ওভারের ম্যাচও বন্ধ হলো একটু পর। ২১টি বল হতেই যে আবারও বৃষ্টির হানা। এবার আর বর্ষণ থামলই না বেঙ্গালুরুতে। শেষ ম্যাচ তাই বাধ্য হয়েই ‘ফল হয়নি’ লিখে শেষ করতে হয়েছে।
২১ বলের ম্যাচে টসে জিতে ফিল্ডিং নেয় দক্ষিণ আফ্রিকা। কী তেড়েফুঁড়েই না শুরু করেছিল ভারতীয়রা। কেশব মহারাজের করা প্রথম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে ছক্কা মেরে দিলেন ঈশান কিষান। প্রথমটি স্লগ সুইপে ডিপ মিড উইকেট দিয়ে, দ্বিতীয়টি হাঁটু গেড়ে ওয়াইড লং অন দিয়ে। ওই ওভারে সব মিলিয়ে এল ১৬ রান, এর ১৫-ই কিষানের।
কিষানের খাতায় এরপর আর কোনো রান যোগ হয়নি। প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিডির করা দ্বিতীয় ওভারের শেষ বলে বোল্ড হয়ে যান ৭ বলে ১৫ রান করা ভারতীয় ওপেনার। তাঁর দলের রান তখন ২০।
কাগিসো রাবাদার করা তৃতীয় ওভারে একটি চার মারা রুতুরাজ গায়কোয়াড়ও শিকার হয়েছেন এনগিডির। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে মিড অনে সহজ ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন। আর একটি বল হওয়ার পরই অবশ্য মাঠ ছাড়তে মাঠের সবাইকে। এরপর তো ড্রেসিংরুমে বন্দীই থাকতে হলো তাঁদের। সব মিলিয়ে ২১ বল খেলে ২ উইকেটে ২৮ রান করেছিল ভারত।
ভারতীয় দলের পরের মিশন আয়ারল্যান্ডে। ২৬ ও ২৮ জুন আইরিশদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে ভারতীয়রা।