শুরু থেকে শেষ

বাংলাদেশ–নিউজিল্যান্ড তৃতীয় টি–টুয়েন্টি: ৬ উইকেটে জিতল নিউজিল্যান্ড, সিরিজ ড্র

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টসে কয়েন ছুঁড়েছেন লিটন দাস

সিরিজের তৃতীয় ও শেষ টি–টুয়েন্টিতে টসে জিতেছে নিউজিল্যান্ড। বেছে নিয়েছে আগে বোলিং।

যার অর্থ, সিরিজে প্রথমবারের মতো আগে ব্যাট করবে বাংলাদেশ। এর আগে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ পরে ব্যাট করে ম্যাচ জিতেছিল। দ্বিতীয় টি–টুয়েন্টিতে বৃষ্টিতে ভেসে যাওয়ার পর আজ আবার সিরিজজয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।

বাংলাদেশ দলে এক পরিবর্তন

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন,মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম ও রিপন মন্ডল।

প্রথম টি–টুয়েন্টিতে খেলা তানজিম হাসান পিঠের চোটে আজকের ম্যাচে নেই। তাঁর জায়গায় দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। এই বোলিং অলরাউন্ডার সর্বশেষ খেলেছেন গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

মেঘে ঢাকা আকাশ

মিরপুরের আকাশ মেঘে ঢাকা

দুই দলের ক্রিকেটাররাই মাঠে ওয়ার্ম আপ করেছেন। গ্যালারিতে হাজির হয়েছেন কিছু দর্শকও। নির্ধারিত সময়ে হয়েছে টসও। কিন্তু খারাপ খবর হলো সকাল থেকে রৌদ্রজ্জ্বল মিরপুর এখন পুরোপুরি মেঘে ঢাকা।

বলে রাখা ভালো, চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি–টুয়েন্টি বৃষ্টিতে ভেসে গিয়েছিল!

সাইফের ভালো শুরু

বাংলাদেশ: ২ ওভারে ১৭/০

প্রথম দুই ওভারের ১০টি বলই খেলেছেন সাইফ। রান করেছেন ১৬। আরেক ওপেনার তানজিদ হাসান ২ বল খেলে করেছেন ১ রান।

সাইফ ফিরলেন 

বাংলাদেশ: ৪ ওভারে ৩৩/১

আন্তর্জাতিক টি–টুয়েন্টি ক্যারিয়ারে নিজের করা প্রথম বলেই উইকেট পেলেন জেইডেন লেনক্স। অফ স্টাম্পের বাইরে ঝুলিয়ে দেওয়া ডেলিভারিতে সাইফ ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে বড় শট খেলতে চেয়েছিলেন। কিন্তু টাইমিং গড়বড় হওয়ায় ধরা পড়েন টিম রবিনসনের হাতে।

উইকেটে এসেছেন লিটন দাস।

১৬ রান করেছেন সাইফ

টানা দুই বলে আউট তানজিদ–পারভেজ

১০ বলে ৬ রান করে নাথান স্মিথের বলে বোল্ড হন তানজিদ। পরের বলেই আউট হয়েছেন আরেক বাঁহাতি পারভেজ হোসেনও।

যেভাবে ফিরলেন দুজন

বাংলাদেশ: ৫ ওভারে ৩৫/৩

নাথান স্মিথের ফুল লেংথ ডেলিভারিটি ভেতরে সুইং করে ঢুকেছিল। তানজিদ হাসান আড়াআড়ি ব্যাটে বড় শট খেলার চেষ্টা করে বোল্ড হয়েছেন।

পারভেজ ফিরেছেন দুর্দান্ত এক ডেলিভারিতে। শরীরের দিকে ধেয়ে আসা এক বাউন্সারে কিছুটা ভড়কে গিয়েছিলেন পারভেজ। সেটিকে আপার কাট করে থার্ড ম্যানের ওপর দিয়ে মারতে চেয়েছিলেন। টাইমিং ঠিকঠাক হয়নি। শর্ট থার্ড ম্যানে দাঁড়িয়ে থাকা ইশ সোধি সহজ ক্যাচ নিয়েছেন।

১০ বলে ৬ রান করেছেন তানজিদ

বৃষ্টিতে খেলা বন্ধ

বাংলাদেশ: ৬.৪ ওভারে ৫০/৩

মিরপুরে নেমেছে বৃষ্টি। খেলোয়াড়েরা মাঠ ছেড়েছেন। উইকেটও ঢাকা হয়েছে কাভারে। বাংলাদেশ ৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫০ রান তুলেছে।

লিটন ১৩ বলে ২৫, হৃদয় ৫ বলে ২ রানে ব্যাট করছিলেন।

কাভার দিয়ে পিচ ঢেকেছেন মাঠকর্মীরা

যদি বৃষ্টি চলতেই থাকে ...

শেরেবাংলা স্টেডিয়াম থেকে প্রথম আলোর প্রতিনিধি মাহমুদুল হাসান জানিয়েছেন, মুষলধারে বৃষ্টি হচ্ছে মিরপুরে। কাভারে ঢাকা আছে পিচ। যদি বাংলাদেশ আর ব্যাটিং করার সুযোগ না পায়, তাহলে নিউজিল্যান্ডের ইনিংস শুরুর জন্য ৫টা ৪৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করা হবে। এরপর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হবে।

টি-টুয়েন্টি ম্যাচে ফল হওয়ার জন্য দুই দলের অন্তত ৫ ওভার করে ব্যাটিং করতে হয়। বাংলাদেশ ৬.৪ ওভার খেলে ফেলেছে। লিটনরা আর ব্যাটিংয়ে না নামতে পারলেও ম্যাচের দ্বিতীয় ইনিংস শুরু করা যাবে। সেক্ষেত্রে নিউজিল্যান্ডের লক্ষ্য ঠিক হবে ডিএলএস মেথডে

বৃষ্টির মধ্যে লিটন যখন মাঠ ছেড়েছেন

রোদের দেখা

বৃষ্টি প্রায় থেমে গেছে। রোদও উঠেছে। যদিও এখনও কাভার সরেনি। তবে চতুর্থ আম্পায়ার তানভীর আহমেদ মাঠে ঢুকেছেন। কিউরেটর বদিউল আলমের সঙ্গে কথা বলছেন তিনি।

বাউন্ডারি লাইনের বাইরে মাঠ শুকানোর প্রস্তুতি শুরু করেছেন মাঠকর্মীরাও।

মাঠ প্রস্তুতের কাজ চলছে

মাঠ শুকানোর কাজ শুরু হয়েছে। ধীরে ধীরে কাভার সরছে। দুটি সুপার সপার ঘুরছে মাঠে।

মাঠে এসেছেন দুই আম্পায়ার গাজী সোহেল ও মাসুদুর রহমান। বিসিবির টার্ফ ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান টনি হেমিংয়ের সঙ্গে কথা বলছেন তারা। ঘুরে দেখছেন পুরো মাঠও। হুট করে বৃষ্টি না এলে খুব বেশি সময় লাগার কথা নয় ম্যাচ শুরু হতে। এখন রোদের তেজও অনেক।

ঝকঝকে রোদে ...

কাভার সরিয়ে নেওয়া হচ্ছে
মাঠ শুকানোর কাজে সুপার সপার
মাঠের পাশে জড়ো হয়েছেন নিউজিল্যান্ডের খেলোয়াড়েরা
ঝকঝকে রোদ চারপাশে

পরিদর্শন ৪টা ১৭ মিনিটে

৪টা ১৭ মিনিটে আবার মাঠ পরিদর্শনে যাবেন দুই আম্পায়ার। আউটফিল্ডের কিছু জায়গা ভেজা থাকায় সন্তুষ্ট নন তারা। এর আগে মাঠ পরিদর্শন শেষে দুই দলের অধিনায়কের সঙ্গে কথা বলেছেন আম্পায়ার মাসুদুর রহমান ও গাজী সোহেল।

ম্যাচ হবে ১৭ ওভারের

বাংলাদেশ ৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫০ রান তোলার পর মিরপুরে শুরু হয় বৃষ্টি। তাতে প্রায় ১ ঘণ্টা ধরে খেলা বন্ধ থাকার পর সাড়ে ৪টায় শুরু হবে খেলা। ম্যাচ হবে ১৭ ওভারে।

নতুন আপডেট—১৫ ওভারের ম্যাচ

নতুন করে জানানো হয়েছে, ১৭ ওভারে নয়, ম্যাচ হবে ১৫ ওভারের।

দলের একজন বোলার সর্বোচ্চ ৩ ওভার করতে পারবেন। পাওয়ার প্লেও কমছে স্বাভাবিকভাবেই—৪.৩ ওভার। ইনিংস বিরতি হবে ১০ মিনিট।

নতুন করে শুরুর পর...

বাংলাদেশ: ৮ ওভারে ৬২/৩

ম্যাচ আবার শুরুর পর খেলা হয়েছে ৮ বল। এরই মধ্যে একটি চার ও একটি ছক্কা মেরেছেন হৃদয়। মোট রান এসেছে ১২।

লিটন যেভাবে ফিরলেন 

বাংলাদেশ: ৯ ওভারে ৬৫/৪

লিটনও ফিরলেন!

পেসার জশ ক্লার্কসনের করা মিডল স্টাম্পের ওপরের গুড লেংথ ডেলিভারিটিতে লেগ সাইডে সরে গিয়ে ইনসাইড আউট শট খেলতে চেয়েছিলেন লিটন দাস। ঠিকঠাক টাইমিংটা হয়নি। তাতে ক্যাচ দিয়েছেন কাভারে থাকা ফিল্ডার স্মিথের হাতে। আউট হয়েছেন ২৬ রানে।

বেঁচে গেলেন হৃদয়

বাংলাদেশ: ১০ ওভারে ৭২/৪

রানআউট হতে হতে বেঁচে গেলেন হৃদয়!

লেগ স্পিনার সোধির বলে কাট খেলেছিলেন হৃদয়। বলে চলে যায় থার্ড ম্যানে থাকা ফিল্ডারের হাতে। রান নিতে যাওয়া হৃদয় তখন ছিলেন ক্রিজের বাইরে। কিন্তু বল গ্লাভসবন্দি করার আগেই উইকেটকিপার বেল ফেলে দেন।

রিভার্স সুইপে আউট শামীম

বাংলাদেশ: ১১.৩ ওভারে ৮৬/৫

সোধির লো ফুলটস ডেলিভারিতে রিভার্স সুইপ খেলতে গিয়েছিলেন শামীম। সেই প্রচেষ্টায় আউট হয়েছেন ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে। ৩ রান করে ফিরেছেন এই বাঁহাতি।

৩৩ রান করে আউট হৃদয়

বাংলাদেশ: ১২.২ ওভারে ৮৯/৭

খেই হারিয়ে ফেলছে বাংলাদেশ।

জশ ক্লার্কসনের ফুল লেংথ বলে হৃদয় করলেন ফ্লিক। ডিপ স্কয়ার লেগে থাকা রবিনসন অনেকটা দৌঁড়ে বাম দিকে ঝাঁপিয়ে পড়ে ক্যাচটি নিয়েছেন। একই ওভারে আউট হয়েছেন সাইফউদ্দিনও।

ক্লার্কসন নিয়েছেন ৩ উইকেট।

বাংলাদেশের ১০২

১০২ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ।

হৃদয়, লিটন ও সাইফ ছাড়া আর কারও রানই যায়নি দুই অঙ্কের ঘরে। হৃদয় সর্বোচ্চ ৩৩, লিটন করেছেন ২৬ রান। ক্লার্কসন নিয়েছেন ৩ উইকেট।

শুরুতেই উইকেট এনে দিলেন শরীফুল

নিউজিল্যান্ড: ২ ওভারে ১২/২

মেহেদী হাসানের করা প্রথম ওভারে ৯ রান তোলে নিউজিল্যান্ড। দ্বিতীয় ওভারে দ্বিতীয় বলে কাটেনে ক্লার্ককে ফিরিয়ে জুটি ভেঙেছেন শরীফুল ইসলাম। শরীফুলের শর্ট বলে উইকেটের পেছনে কিপার লিটন দাসকে ক্যাচ দিয়েছেন ২ বলে ১ রান করা ক্লার্ক।

ওভারের শেষ বলে ডেন ক্লিভারকেও লিটন দাসের ক্যাচ বানিয়েছেন শরীফুল।

বাংলাদেশের ভালো শুরু

নিউজিল্যান্ড: ৪ ওভারে ২৬/৩

টিম রবিনসনকেও আউট করলেন শরীফুল। ১৪ বলে ২৩ রান করে বোল্ড হয়েছেন এই ওপেনার। নিজের করা প্রথম ৭ বলে ৩ উইকেট নেওয়া শরীফুল ২ ওভারে দিয়েছেন মাত্র ৪ রান।

মেহেদীর আঘাত

নিউজিল্যান্ড: ৫ ওভারে ৩৩/৪

কিউই অধিনায়ক নিক কেলিকে বোল্ড করলেন স্পিনার মেহেদী হাসান। ১ রান করেন কেলি।

নিউজিল্যান্ডের করতে হবে ১০৩ রান।

জয়ের পথে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড: ১০ ওভারে ৮৩/৪

ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। ৩৩ রানে ৪ উইকেট হারানো কিউইরা এখন জয়ের খুব কাছেই বলা যায়। শেষ ৫ ওভারে দলটির দরকার মাত্র ২০ রান। জ্যাকবস ও ফক্সক্রফটের জুটি থেকে এখন পর্যন্ত এসেছে ৫০ রান।

৪৬ রানে ব্যাটিং করছেন জ্যাকবস।

নিউজিল্যান্ডের সহজ জয়

লক্ষ্য ১৫ ওভারে ১০৩। হাতে ১০ উইকেট। কোনোভাবেই এটাকে বড় বলার সুযোগ নেই। এই লক্ষ্যে নিউজিল্যান্ডের শুরুটা হয়েছিল বাজে। ৩৩ রান তুলতেই হারিয়েছিল ৪ উইকেট। তবে বাকি পথটা খুব সহজেই পাড়ি দিয়েছে দলটি।

জ্যাকবস ও ফক্সক্রফটের ৪০ বলে ৭১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৬ উইকেটে জিতেছে নিউজিল্যান্ড।

আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে প্রথম ফিফটি পেয়েছেন জ্যাকবস। ৩১ বলে ৬২ রানে অপরাজিত ছিলেন তিনি। শরীফুল নিয়েছেন ৩ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর (১৫ ওভারের ম্যাচ)

বাংলাদেশ: ১৪.২ ওভারে ১০২ (হৃদয় ৩৩, লিটন ২৬, সাইফ ১৬; ক্লার্কসন ৩/৯, সিয়ার্স ২/১২, স্মিথ ২/১৪)। নিউজিল্যান্ড: ১১.৪ ওভারে ১০৪/৪ (জ্যাকবস ৬২*, রবিনসন ২৩, ফক্সক্রফট ১৫*; শরীফুল ৩/১৯, মেহেদী ১/২০)। ফল: নিউজিল্যান্ড ৬ উইকেটে জয়ী (ডি/এল)। সিরিজ: ৩–ম্যাচ সিরিজ ১–১ ড্র।