পেপ গার্দিওলা
পেপ গার্দিওলা

পেপ গার্দিওলা চলে যাচ্ছেন, জানিয়ে দিল সিটিও

গুঞ্জনই সত্যি হলো। ম্যানচেস্টার সিটির কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন পেপ গার্দিওলা। ক্লাবের পক্ষ থেকে আজ শুক্রবার এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করা হয়েছে।

আগামী রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে চলতি মৌসুমে সিটি প্রিমিয়ার লিগে তাদের শেষ ম্যাচ খেলবে, সেটিই হতে যাচ্ছে সিটির কোচ হিসেবে গার্দিওলার শেষ ম্যাচ।

কয়েক দিন আগে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক এক্সক্লুসিভ প্রতিবেদনে গার্দিওলার ক্লাব ছাড়ার খবর দিয়েছিল। এরপর গার্দিওলা জানিয়েছিলেন, তিনি ক্লাব ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেননি, তবে শেষ পর্যন্ত ডেইলি মেইলের প্রতিবেদনই সত্যি প্রমাণিত হলো।

গার্দিওলার সঙ্গে ম্যানচেস্টার সিটির বর্তমান চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সালের জুন পর্যন্ত, তবে চুক্তিতে থাকা একটি বিশেষ শর্তের (ব্রেক ক্লজ) সুযোগ নিয়ে নির্ধারিত সময়ের এক বছর আগেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন স্প্যানিশ এই কোচ।

কোচের পদ ছাড়লেও সিটি ফুটবল গ্রুপের (সিএফজি) সঙ্গেই যুক্ত থাকছেন গার্দিওলা। তিনি বৈশ্বিক দূত (গ্লোবাল অ্যাম্বাসেডর) হিসেবে নতুন ভূমিকা পালন করবেন এবং এই গ্রুপের অধীন থাকা ক্লাবগুলোকে কারিগরি ও কৌশলগত পরামর্শ দেবেন।

ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে নিজের ১০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে মোট ২০টি ট্রফি জিতে বিদায় নিচ্ছেন গার্দিওলা। এর মধ্যে রয়েছে ৬টি প্রিমিয়ার লিগ, ৩টি এফএ কাপ, ৫টি লিগ কাপ, ১টি চ্যাম্পিয়নস লিগ এবং ১টি ক্লাব বিশ্বকাপ শিরোপা।

ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে ২০টি ট্রফি জিতে বিদায় নিচ্ছেন গার্দিওলা

নিজের বিদায় প্রসঙ্গে আবেগঘন কণ্ঠে গার্দিওলা বলেন, ‘আমি কেন চলে যাচ্ছি, সেই কারণ আমাকে জিজ্ঞাসা করবেন না। নির্দিষ্ট কোনো কারণ নেই, তবে মনের গভীর থেকে আমি জানি যে এটাই চলে যাওয়ার সঠিক সময়। কোনো কিছুই চিরস্থায়ী নয়; যদি হতো, তবে আমি এখানেই থেকে যেতাম। চিরস্থায়ী হয়ে থাকবে কেবল অনুভূতিগুলো, এখানকার মানুষ, স্মৃতি এবং আমার ম্যানচেস্টার সিটির প্রতি আমার ভালোবাসা।’