আর্সেনালের ২২ বছরের অপেক্ষা কি তবে শেষ হতে যাচ্ছে?
পরিস্থিতি এখন তেমন ইঙ্গিতই দিচ্ছে। আর মাত্র একটি জয় কোনো হিসাব–নিকাশ ছাড়াই নিশ্চিত করবে আর্সেনালের লিগ শিরোপা। গতকাল রাতে বার্নলির বিপক্ষে ১–০ গোলে জয়ের পর প্রিমিয়ার লিগ শিরোপার লাগামটা আর্সেনালের হাতেই থাকল। অর্থাৎ লিগের শেষ ম্যাচটাতে জিতলেই চ্যাম্পিয়ন হবে আর্সেনাল।
তবে আর্সেনাল চ্যাম্পিয়ন হতে পারে আজ রাতেও। যদি আজ রাতে বোর্নমাউথের মাঠে ম্যানচেস্টার সিটি পয়েন্ট হারায়, তবে শেষ ম্যাচ পর্যন্ত আর অপেক্ষা করতে হবে না গানারদের। মাঠে না নেমেই শিরোপা–উৎসবে মাততে পারবে তারা। বাংলাদেশ সময় আজ রাত ১২টা ৩০ মিনিটে বোর্নমাউথের মাঠে নামবে সিটি।
গতকাল রাতের জয়ের পর শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট এখন ৩৭ ম্যাচে ৮২। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭৭। এ পরিস্থিতিতে বোর্নমাউথের বিপক্ষে সিটি যদি ড্র করে, তবে তাদের পক্ষে আর আর্সেনালকে ধরা সম্ভব হবে না। সে ক্ষেত্রে শেষ ম্যাচ জিতলেও ৩৮ ম্যাচে সিটির পয়েন্ট হবে ৮১, যা আর্সেনালের বর্তমান সংগ্রহ থেকে ১ পয়েন্ট কম। তবে সিটি জিতলে শিরোপা–লড়াই গড়াবে শেষ ম্যাচ পর্যন্ত।
সিটি যদি নিজেদের শেষ দুই ম্যাচ জেতে এবং আর্সেনাল যদি ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে ড্র করে, তখন দুই দলের পয়েন্ট হবে সমান ৮৩। তখন শিরোপাভাগ্য নির্ধারণ করা হবে গোলের ব্যবধানে, যেখানে দুই দলের গোলের ব্যবধান এখন সমান +৪৩। তবে সিটি এক ম্যাচ কম খেলেছে, ফলে আজ রাতে গোলের ব্যবধান বাড়োনোর সুযোগ আছে তাদের। আর্সেনালের তাই এখনই নির্ভার হওয়ার সুযোগ নেই।
বার্নলির বিপক্ষে জয়ের পর আর্সেনাল কোচ মিকেল আরতেতো বলেন, ‘আর মাত্র এক ধাপ। আমরা আমাদের কাজটা করেছি, যেটা আমাদের হাতে ছিল। এখন অপেক্ষা করতে হবে আগামীকাল কী হয়, সেটা দেখার জন্য। এরপর আমাদের মনোযোগ থাকবে প্যালেস ম্যাচের প্রস্তুতিতে।’
তবে জিতলেও গোলের ব্যবধান বাড়াতে না পারার আক্ষেপ ঝরল আরতেতার কণ্ঠে, ‘জয়ের ব্যবধান আরও বড় হওয়া উচিত ছিল, কিন্তু আমরা সেটা করতে পারিনি। তবে পুরো মৌসুমে যেমনটা দেখিয়েছি, প্রয়োজনের সময়ে রক্ষণ সামলে ম্যাচ বের করে আনার সক্ষমতাও আমাদের আছে। আজও আমরা সেটাই করেছি।’
মৌসুমের শেষ ভাগে নাটকীয়তা আরও বাড়িয়ে দিয়েছে কিছু সংবাদমাধ্যমের খবর। সেখানে বলা হয়েছে, দীর্ঘ এক দশকের সফল অধ্যায়ের পর চলতি মৌসুম শেষে ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছাড়তে পারেন পেপ গার্দিওলা। এই খবর সত্যি হলে রোববার ইতিহাদে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচটি হতে পারে সিটি কোচ হিসেবে তাঁর শেষ ম্যাচ, আর এই উপলক্ষ রঙিন করতে মরিয়া থাকবে সিটিও।