পুরোনো মুঠোফোনে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নতুন মুঠোফোনে ব্যবহারের সুযোগ মিললেও তথ্যগুলো পাওয়া যায় না। এ জন্য নতুন মুঠোফোন কেনার পর সমস্যায় পড়েন অনেকেই। হোয়াটসঅ্যাপের তথ্যগুলো আগে থেকে সংরক্ষণ করা থাকলে সহজেই নতুন মুঠোফোনে তথ্য স্থানান্তর করা যায়। তথ্য সংরক্ষণের জন্য প্রথমে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা মুঠোফোনে হোয়াটসঅ্যাপ চালু করে Settings অপশনে প্রবেশ করতে হবে। এবার Chats সেটিংস নির্বাচন করে Chat backup অপশনে ক্লিক করতে হবে।
গুগল ড্রাইভে তথ্য সংরক্ষণ সুবিধা চালু থাকলে BACK UP লেখা সবুজ বোতামে ক্লিক করতে হবে। আইফোন ব্যবহারকারীদের একই পদ্ধতিতে Chat backup অপশনে প্রবেশ করে গুগল ড্রাইভের পরিবর্তে আইক্লাউড নির্বাচন করতে হবে। এবার Back up now বোতাম চাপলেই তথ্য সংরক্ষণ শুরু হয়ে যাবে।
তথ্য সংরক্ষণ শেষ হলে প্রথমেই পুরোনো মুঠোফোন থেকে হোয়াটসঅ্যাপ মুছে ফেলতে হবে। এবার নতুন মুঠোফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টল করে মোবাইল নম্বর দিয়ে যাচাই পদ্ধতি সম্পন্ন করলেই পুরোনো মুঠোফোনে থাকা তথ্য Restore করার অপশন দেখা যাবে। গুগল ড্রাইভে তথ্য সংরক্ষণের পাশাপাশি একই গুগল অ্যাকাউন্ট দিয়ে নতুন মুঠোফোনে সাইন ইন করলে স্বয়ংক্রিয়ভাবে আপনার তথ্য খুঁজে নেবে হোয়াটসঅ্যাপ। এবার RESTORE অপশনে ক্লিক করলেই গুগল ড্রাইভে সংরক্ষণ করা তথ্য নতুন মুঠোফোনে স্থানান্তর হয়ে যাবে।