চীনে কয়লা খনিতে আগুন , নিহত ২১

চীনে কয়লা খনিতে ​অগ্নিদ্বগ্ধ হয়ে অন্তত ২১ জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে দেশটির হেইলুংজিয়াং প্রদেশের জিজি শহরে অবস্থিত ওই খনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে এএফপির খবরে বলা হয়, ওই কয়লা খনিটি পরিচালনা করে চীনের উত্তর-পূর্বাঞ্চলে রাষ্ট্রায়ত্ত সবচেয়ে বড় কয়লা কোম্পানি লংমে মাইনিং হোল্ডিং গ্রুপ। এ সময় সেখানে ২২ জন খনি শ্রমিক আটকা পড়েছিল।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, আগুন লাগার সময় সেখানে ৩৮জন কয়লা শ্রমিক ছিলেন। তাঁদের মধ্যে ১৬ জন বেরিয়ে আসতে সক্ষম হলেও আটকা পরেন ২২জন। এরই মধ্যে উদ্ধারকর্মীরা ২১জনের মৃতদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। একজন এখনো নিখোঁজ।

রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চীন সেন্ট্রাল টেলিভিশন জানিয়েছে এ ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।

চীনে প্রায়ই কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। গত বছর কয়লা খনি দুর্ঘটনায় ৯৩১ জন নিহত হয়েছে।