মালয়েশিয়া

মতভেদ ভুলে আবারও এক মাহাথির–আনোয়ার

রাজপথে একসঙ্গে মাহাথির মোহাম্মদ (ডানে) ও আনোয়ার ইব্রাহিম। সোমবার, কুয়ালালামপুরে
ছবি: এএফপি

মালয়েশিয়ার দুই প্রভাবশালী রাজনীতিবিদ মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহিমের বৈরিতা নতুন নয়। সেই দ্বন্দ্ব ভুলে আনোয়ারের সঙ্গে জোট গঠন করে ২০১৮ সালে নির্বাচনে জয়লাভ করেন মাহাথির। সেই জোট সরকারের প্রধানমন্ত্রী হয়েছিলেন মাহাথির। কিন্তু মনোমালিন্যের কারণে দুই বছরের মাথায় সেই জোট সরকারের পতন হয়। সবকিছু পেছনে ফেলে এই দুই নেতা আবার এক হলেন, নামলেন রাজপথে।

পার্লামেন্ট স্থগিতের প্রতিবাদে এবং প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের পদত্যাগের দাবিতে সোমবার ঐতিহাসিক কুয়ালালামপুর স্কয়ারে তাঁরা বিক্ষোভ করেন। পরে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে পার্লামেন্ট ভবনে যাওয়ার চেষ্টা করেন। এএফপি ও রয়টার্সের খবর।

সোমবার পার্লামেন্টের চলতি অধিবেশনের শেষ দিন ছিল। কিন্তু পার্লামেন্ট ভবনে কয়েকজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, এমন কথা বলে সেই অধিবেশন স্থগিত করা হয়। তবে প্রধানমন্ত্রী ইয়াসিনের প্রতিদ্বন্দ্বীরা অভিযোগ করেছেন, তাঁর সরকারের বিরুদ্ধে আস্থা ভোট আনা ঠেকাতেই পার্লামেন্ট স্থগিত করা হয়েছে। বিরোধীরা দাবি করছেন, আস্থা ভোট হলেই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হবে ইয়াসিনের সরকার। আর তাতেই পতন হবে ইয়াসিনের।

করোনাভাইরাসের মহামারি মোকাবিলায় জরুরি অবস্থা জারির কারণে দেশটিতে বেশ কিছুদিন ধরে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। এর মধ্যে গত সপ্তাহে চলতি বছরে প্রথমবারের মতো শুরু হয় অধিবেশন। কিন্তু সেই অধিবেশনও স্থগিত করা হয় করোনা সংক্রমণের কথা বলে।

সোমবারের বিক্ষোভে দুই সাবেক প্রধানমন্ত্রী মাহাথির ও আনোয়ার ছাড়াও ১০০ জনের মতো আইনপ্রেণতা অংশ নেন। এ সময় ৯৬ বছর বয়সী মাহাথির সাংবাদিকদের বলেন, ‘যখন জনগণ (ইয়াসিনকে) নিন্দা জানাচ্ছে, তখন নির্লজ্জভাবে ক্ষমতা আঁকড়ে ধরে আছেন তিনি এবং ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানাচ্ছেন।’
আনোয়ার বলেছেন, মুহিউদ্দিনের সরকার বৈধতা হারিয়েছে। পার্লামেন্টে তাঁর সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। তিনি আরও বলেন, ‘আমরা আজ প্রতিবাদ করছি। কারণ, আমরা জনগণকে রক্ষা করতে চাই।’

বিক্ষোভের সময় আইনপ্রেণতারা ‘মুহিউদ্দিনকে হটাও’ বলে স্লোগান দেন। পার্লামেন্ট ভবনে যাওয়ার চেষ্টা করলে পুলিশ আইনপ্রেণতাদের বাধা দেন এবং শান্তিপূর্ণ উপায়ে সেখান থেকে সরিয়ে দেন।

১৯৯০–এর দশকের শেষ দিকে মাহাথির প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হলে সেই সরকারে ছিলেন তাঁর শিষ্য আনোয়ার। কিন্তু পরে তাঁকে বরখাস্ত করেন মাহাথির। সেই থেকে গুরু–শিষ্যের দ্বন্দ্ব শুরু। এরপর সমকামিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে জেলে যেতে হয় আনোয়ারকে। কিন্তু আনোয়ার এটাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

সেই আনোয়ারের দলের সঙ্গে জোট বেঁধে ২০১৮ সালে সবচেয়ে প্রবীণ প্রধানমন্ত্রী হিসেবে মাহাথির মালয়েশিয়ায় ক্ষমতায় আসেন। জোটের অংশ হিসেবে মাহাথির দুই বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে ক্ষমতা আনোয়ারের হাতে ছেড়ে দেওয়ার কথা ছিল। কিন্তু তাঁদের মধ্যে নতুন করে দ্বন্দ্ব শুরু হয়। এরপর মাহাথির হঠাৎ পদত্যাগ করেন। সেই সুযোগে মাহাথিরের আরেক শিষ্য ও তাঁর দলের নেতা ইয়াসিন বিরোধী দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশনের সঙ্গে জোট বেঁধে ক্ষমতায় আসেন।