চার্লস–ডায়ানার বিয়ের কেকের টুকরা নিলামে

বিয়ের সাজে প্রয়াত ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়ানা ও যুবরাজ চার্লস
ছবি: সংগৃহীত

ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়ানার বিয়ে হয়েছিল ১৯৮১ সালে। এরপর তাঁদের দুই সন্তান হয়েছে। হয়েছে বিবাহবিচ্ছেদ। প্রয়াত হয়েছেন ডায়ানা। চার্লস আবারও বিয়ে করে সংসারী হয়েছেন। তবে চার্লস ও ডায়ানাকে নিয়ে মানুষের আগ্রহ কখনোই কমেনি। চার দশক পর এসে ওই বিয়ের কেকের একটি টুকরা নিলামে উঠছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে গত শনিবার বলা হয়েছে, চার্লস-ডায়ানার রাজকীয় বিয়েতে মোট ২৩টি কেক কাটা হয়েছিল। তার মধ্য থেকে একটি কেকের টুকরা নিলামে তুলছে ব্রিটিশ নিলাম ঘর ডমিনিক উইন্টার অকশনিয়ার্স। ১১ আগস্ট কেকের টুকরাটির নিলাম হওয়ার কথা রয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, ৪০ বছর আগের রাজকীয় বিয়ের এই কেকের টুকরাটির ওজন প্রায় ২৮ আউন্স। সোনালি, লাল, নীল, সাদা ও রুপালি রঙের মিশেলে কেকটি বানানো হয়েছিল। রাজপরিবারের পক্ষ থেকে এটি পাঠানো হয়েছিল ময়রা স্মিথকে। তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের মায়ের জন্য কাজ করতেন।

৪০ বছর ধরে স্মিথ পরিবারের সদস্যরা কেকের টুকরাটি প্লাস্টিকে মুড়ে পুরোনো একটি টিনের কৌটায় সংরক্ষণ করে এসেছেন। ২০০৮ সাল সেটি স্মিথ পরিবারের হাত থেকে নিলাম ঘরে আসে। এরও প্রায় ১৩ বছর পর এসে রাজকীয় বিয়ের কেকের টুকরাটি নিলামে তোলা হচ্ছে। ন্যূনতম ২০০ পাউন্ড বা ২৭৮ ডলার থেকে এটির দাম শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।

নিলাম ঘর ডমিনিক উইন্টারের পক্ষ থেকে বলা হয়েছে, ৪০ বছরের পুরোনো হলেও রাজকীয় বিয়ের কেকের এই টুকরা এখনো ভালো আছে। তবে প্রতিষ্ঠানটি এটা খাওয়ার জন্য নিরুৎসাহিত করেছে।

বিশ্বজুড়ে ৭০০ মিলিয়নের বেশি মানুষ ওই সময় টিভির পর্দায় চার্লস ও ডায়ানার বিয়ের আয়োজন দেখেছিল। এত বছর পর এসেও তাঁদের বিয়ে নিয়ে আগ্রহের কমতি নেই। কয়েক মাস আগে ডায়ানার বিয়ের পোশাক কেনসিংটন প্রাসাদে সাধারণের দেখার জন্য প্রদর্শনীর আয়োজন করেছিলেন চার্লস-ডায়ানার দুই সন্তান উইলিয়াম ও হ্যারি। প্রিন্স চার্লস বাগ্‌দানের সময় ডায়ানাকে যে গাড়ি উপহার দিয়েছিলেন, সেটিও নিলামে বিক্রি হয়েছে। দাম উঠেছিল ৭২ হাজার ডলারের বেশি।