
করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় ১৬ আগস্ট থেকে ভারতের উত্তর প্রদেশে স্কুল খুলে দেওয়া হচ্ছে। আর আগামী ১ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়েও ক্লাস শুরুর ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।
ভারতের সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে সোমবার এনডিটিভি এই খবর জানিয়েছে। এদিন উত্তর প্রদেশ সরকারের এক আদেশে বলা হয়েছে, অর্ধেক শিক্ষার্থী নিয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
উত্তর প্রদেশের অতিরিক্ত মুখ্যসচিব নবনীত সেহগাল পিটিআইকে বলেছেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের স্কুলের শিক্ষার্থীরা ১৫ আগস্ট দেশের ৭৫তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। পরদিন ১৬ আগস্ট থেকে অর্ধেক শিক্ষার্থী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে স্কুলগুলোতে শিক্ষাকার্যক্রম শুরু হবে।
উত্তর প্রদেশ সরকারের বিবৃতিতে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
সম্প্রতি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। ৫ আগস্ট থেকে স্নাতক শ্রেণিতে ভর্তিপ্রক্রিয়া শুরু হবে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের জন্য হ্যান্ড স্যানিটাইজার, তাপমাত্রা পরীক্ষার ব্যবস্থা ও মাস্ক পরা নিশ্চিত করতে হবে। এ ছাড়া ন্যূনতম শারীরিক দূরত্ব ও করোনাভাইরাসের অন্যান্য নিয়ম মেনে চলা নিশ্চিত করতে হবে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় চালুর হওয়ার পরে আঠারোর্ধ্ব শিক্ষার্থীদের জন্য বিশেষ টিকাদান কর্মসূচি গ্রহণ যথাযথ হবে। এ জন্য স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।