শেখ জারাহর ফিলিস্তিনিদের বিষয়ে রায় আজ

১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম এলাকা দখল করে ইসরায়েল।
ফাইল ছবি: রয়টার্স

পূর্ব জেরুজালেমের শেখ জারাহ এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত দিতে যাচ্ছেন ইসরায়েলের সুপ্রিম কোর্ট। এ-সংক্রান্ত বিতর্কিত মামলার চূড়ান্ত শুনানি শেষে আজ সোমবার রায় দেবেন আদালত। দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

শেখ জারাহ এলাকা থেকে ফিলিস্তিনি পরিবারগুলোকে উচ্ছেদের বিষয়টিকে কেন্দ্র করে চলতি বছরের মে মাসে সংঘাত-সহিংসতার ঘটনা ঘটে। সে সময় ইসরায়েলের অভ্যন্তরে সহিংসতার পাশাপাশি হামাসের সঙ্গেও সংঘাত বাধে। ১১ দিন ধরে চলা এই সংঘাতকালে ইসরায়েলি হামলায় গাজায় ২৫৬ জন ফিলিস্তিন নিহত হন। ইসরায়েলে নিহত হন ১৩ জন। যুদ্ধবিরতির মধ্য দিয়ে এ দফার সংঘাতের সমাপ্তি ঘটে।

বিবিসি অনলাইনের খবরে বলা হয়, শেখ জারাহ এলাকায় বসবাসরত ফিলিস্তিনিদের উচ্ছেদের পক্ষে আদেশ দিয়েছিলেন ইসরায়েলের একটি নিম্ন আদালত। তখন আদালত বলেছিলেন, ঐতিহাসিকভাবে এ এলাকার জমির মালিকানা ইহুদিদের।

নিম্ন আদালতের এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করে কয়েকটি ফিলিস্তিনি পরিবার। সেই আপিলের ওপর আজ রায় হওয়ার কথা।

এদিকে, শেখ জারাহ এলাকা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত না করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশেলেটের দপ্তর থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন অনুসারে, শেখ জারাহ এলাকা থেকে ফিলিস্তিন পরিবারগুলোকে উচ্ছেদ করা হলে তা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।

দশকের পর দশক ধরে ওই ফিলিস্তিনি পরিবারগুলো শেখ জারাহ এলাকা বসবাস করে আসছে। কিন্তু ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম এলাকা দখল করে ইসরায়েল। তারপর থেকে সেখানকার জমির মালিকানা নিয়ে বিরোধ চলছে।

শেখ জারাহ এলাকার ফিলিস্তিনি বাসিন্দারা বলছেন, এ জমির বৈধ মালিক তাঁরা। কারণ, ১৯৪৮ সালে জর্ডান এ এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার পর এই ফিলিস্তিনিদের বসবাসের নিশ্চয়তা দিয়েছিল। কিন্তু ইসরায়েলের একটি আদালত ২০২০ সালে ফিলিস্তিনিদের এ দাবি নাকচ করেন।